বিভক্তি ভুলতে চান ইসরায়েল--লেবাননের সাধারণ মানুষ
‘ইসরায়েল শুধু যুদ্ধ করতে জানে। শান্তি কি, সেটা তারা বোঝে না। এই যুদ্ধ আমাদের জন্য কল্যাণ বয়ে আনেনি। বরং হিজবুল্লাহ জঙ্গিরা আরও শক্তিশালী হয়েছে। আমাদের শিগগিরই এ সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে,’ তেল আবিবের সমুদ্র সৈকতে এক ক্যাফেতে বসে কফিতে চুমুক দিতে দিতে বলছিলেন স্যাসন।
পঁচাত্তর বছর বয়সী ডেভিড স্যাসন একজন ইসরায়েলি। পেশায় ব্যাসায়ী। তেল আবিব ও লন্ডন উভয় শহরেই তার ব্যবসা আছে।
এ বছর জুলাই--আগস্ট মাসে লেবাননের হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধের ভয়াবহতা স্যাসনকে এতোটাই আহত করে যে তিনি নিজে লেবাননিদের মানুষের সাথে যোগাযোগ করার তাগিদ অনুভব করছিলেন।
টানা ৩৪ দিনের ওই যুদ্ধে ইসরায়েলিদের নির্বিচার হামলায় প্রাণ হারান লেবাননের প্রায় ১২০০ বেসামরিক নাগরিক। আর অন্যদিকে ইসরায়েলি পক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১৫৭ জন।
দুই ইসরায়েলি সেনাকে অপহরণের জের ধরে হটাৎ করেই শুরু হয় যুদ্ধ। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল, ওই যুদ্ধ অন্তত এমন কিছু মানুষকে এক সারিতে দাঁড় করাতে পেরেছে যারা দুই দেশের মধ্যে শান্তি চান। তাই সরকারের যুদ্ধংদেহী মনোভাব সত্ত্বেও উভয় দেশের সাধারণ মানুষের মধ্য থেকে ছোট ছোট কয়েকটি দল নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাদের ভাবনা, কিভাবে দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করা যায়।
১৯৭৯ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে ডেভিড স্যাসনের অবদান ছিল উল্লেখ করার মতো। এবারও সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ নিলেন তিনি। খুঁজতে খুঁজতে দুই দেশের এমন কিছু মানুষকে পেয়েও গেলেন যারা নিজ নিজ দেশের জনগণ ও সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরুর আশায় নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। সংখ্যায় খুব অল্প হলেও তাদের আশা একদিন এই স্বপ্ন সফল হবে।
স্যাসনের কথারই প্রতিধ্বনি করলেন লেবাননের লেনা কোবেইসি। ছাব্বিশ বছরের সঙ্গীতশিল্পী লেনা থাকেন লন্ডনে। তিনি একজন শিয়া।
তার মতে, ইসরায়েল রাষ্ট্র একটি বাস্তবতা। আরবরা বিশ্বের মানচিত্র থেকে দেশটিকে মুছে ফেলতে পারে না। কাজেই উভয় পক্ষকে এমন একটা পথ খুঁজে বের করতে হবে যাতে একত্রে শান্তিতে বসবাস করা যায়।
‘ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে আমার গ্রামের বাড়ি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তাই বলে কি আমি ইসরায়েলিদের সাথে কথা বলা বন্ধ করে দেব?’ বললেন লেনা।
ইসরায়েল ও লেবাননের এই সহমত পোষণকারীরা সম্প্রতি লন্ডনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। দুটি দেশের উল্লেখ্যযোগ্য সংখ্যক মানুষ বর্তমানে লন্ডনে অভিবাসী জীবন যাপন করছেন। নিজ নিজ দেশে না পারলেও সেখানে তারা গোপনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারেন। লন্ডনে তারা ‘ডুগ্রি’ নামে একটি সংগঠন দাঁড় করিয়েছেন। আরবী ভাষায় ডুগ্রি কথাটির অর্থ হলো ‘হক কথা’।
ডুগ্রির এক ইসরায়েলি সদস্য আয়েল লিন্ডেনবোইম জানান, লন্ডনে তাদের বৈঠকগুলো থাকে খুবই উত্তপ্ত। কারণ, দুই দেশের মানুষের মধ্যে অনেক বছরের ঘৃণা আর বিদ্বেষ জমে আছে। বিশেষ করে লেবাননভিত্তিক সন্দেহভাজন ফিলিস্তিন জঙ্গিদের দমনের নামে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চল দীর্ঘ ২২ বছর ধরে দখল করে রাখার কারণে এই বিদ্বেষ চরমে পৌঁছে। ২০০০ সালে ওই দখলদারিত্বের অবসান হলেও দুই দেশের সম্পর্কে টানাপড়েন থেকেই গেছে।
এরপরও আশাবাদী তারা। এই সময়ের মধ্যে ঠিক একই উদ্দেশ্যে নিয়ে সিউল ও আম্মানে বসবাসকারী ইসরায়েলি ও লেবাননিরাও নিজেদের মধ্যে যোগাযোগ করেন। তাদের স্বপ্ন একদিন না একদিন দুই দেশের মধ্যকার এই বৈরিতার অবসান হবে। একদিন তারা প্রতিবেশী হিসেবে শান্তিতে বসবাস করতে পারবেন।
দুই দেশের সাধারণ মানুষের এই আশা একদিন হয়তো পূরণ হবে। শান্তি ফিরে আসবে মধ্যপ্রাচ্যে। তবে সেই স্বপ্ন পূরণের পথে আরব ও ইসরায়েলি উভয় পক্ষকে অনেক কাজ করে যেতে হবে। সেইসাথে থাকতে হবে সদিচ্ছা আর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। আর এই পরিবেশটাই তৈরি করতে দিন--রাত কাজ করছেন স্যাসন ও লেনার মতো অনেকেই।
