ওপেকের ঘোষণার পর তেলের দাম বেড়েছে
ওপেক অপ্রত্যাশিতভাবে তেল সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়ায় শুক্রবার তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৫৯ ডলারে দাঁড়িয়েছে।
ওপেক শুক্রবার সকালে ঘোষণা দেয় আগামী ১ নভেম্বর থেকে তেল উত্তোলনের পরিমাণ দৈনিক ১২ লাখ ব্যারেল কমিয়ে দেওয়া হবে।
দোহায় অনুষ্ঠিত এক সভায় ওপেক ওই সিদ্ধান্ত নেয়। এর ফলে সেপ্টেম্বর মাসে ওপেক যে পরিমাণ তেল উত্তোলন করতো ১ নভেম্বর থেকে তার ৪.৩ শতাংশ কম তেল উত্তোলন করা হবে।
সভা শেষে এক বিবৃতিতে তারা জানায়, তেলের অতিরিক্ত সরবরাহ বাজার পরিস্থিতি নষ্ট করে দিয়েছে।
ওপেকের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রে হালকা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি সর্বোচ্চ ৫৯ দশমিক ৪০ ডলার হলেও পরে তা ৫৮ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে তেলের দাম দুই ডলারের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার তেলের দাম আগের দিনের তুলনায় ৮৫ সেন্ট বেড়েছিল।
শুক্রবার লন্ডনেও অপরিশোধিত তেলের দাম ৩৯ সেন্ট বেড়ে প্রতি ব্যারেলের দাম ৬১ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়।
টোকিওর মিটসুই বুসান ফিউচারস লিমিটেডের প্রধান কৌশল নির্ধারক তেতসু ইমোরি বলেন,‘এটি একটি বিস্ময়কর ঘটনা। ওপেক নিশ্চয় বাজারে নতুন কোন বার্তা পৌঁছাতে চায়।’
সৌদি তেলমন্ত্রী আলি আল--নাইমি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,‘এ ঘটনার এখানেই শেষ নয়। খুব শিগগিরই আমরা আবার আলোচনায় বসব।’
তিনি আরও বলেন,‘বিশ্বের শীর্ষস্থানীয় তেল সরবরাহকারী দেশগুলো ওপেকের এ পরিকল্পনাকে সমর্থন করেছে এবং ক্রেতা দেশগুলো ইতোমধ্যেই জেনে গেছে যে ওপেক তেল সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে।’
ওপেক তেলের পরিমাণ যতোটুকু কমিয়েছে তার প্রায় ৩২ শতাংশ বহন করবে এর সবচেয়ে বড় সদস্য রাষ্ট্র সৌদি আরব।
কিছুদিন থেকেই বিশ্ব বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে ওঠানামা করছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে তেলের দাম ব্যারেল প্রতি ৭৮ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছিল।
