২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলে লড়াই, আত্মঘাতী হামলা: নিহত ২০

আত্মঘাতী বোমা হামলায় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে একটি পুলিশ সেন্টারের ঠিক বাইরে উড়ে গেছে একটি তেলের ট্রাক। এতে নিহত হয় ১১ ব্যক্তি। প্রায় একই সময় আরেকটি পুলিশ সেন্টারে চালানো হয় মর্টার হামলা। এতে নিহত হয় আরো ৯ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ জানায়, তেল ট্রাকটি এত বিকট শব্দে বিষ্ফোরিত হয় যে পুরো শহরে তা শোনা যায়। এতে নিহত ১১ জনের দেহ পুড়ে ঝলসে যায়। এছাড়া আহত হয় ২৬ জন। এর পরপরই ইরাকী গেরিলারা আরেকটি পুলিশ সেন্টারে মর্টার হামলা চালায়। সে সময় সংঘর্ষও হয় উভয় পক্ষের মধ্যে। এতে নিহত হয় আরো ৯ জন।

পুলিশের আরেকটি সূত্র জানায়, এ দু’টির আগে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা নস্যাত করে দেয়া হয়। রয়টার্সের এক সংবাদদাতা জানান, শহরে কার্ফু জারি করা হয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে ইরাকী নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

দেশটির তৃতীয় বৃহত্তম শহর মসুলে সম্প্রতি সুন্নি গেরিলাদের হামলা বেড়ে গেছে। এছাড়া শহর ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটছে সুন্নি আরব ও জাতিগত কূর্দীদের মধ্যে।

গত মাসে মসুলের কাছে আরেকটি শহরে ইরাকী সেনা বাহিনী ও পুলিশের একটি টহল দল লক্ষ্য করে গাড়ি বোমা ও প্রায় সঙ্গে সঙ্গে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ১১ ব্যক্তি নিহত হয়। আহত হয় ১১ জন।