২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে রেল ধর্মঘট পালিত, যাত্রীদের দুর্ভোগ, আপডেট

চার দফা দাবীতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ডাকে বুধবার দেশব্যাপী রেল ধর্মঘট পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শ অনুযায়ী রেল সেক্টরকে কখনও কর্পোরেশন, কখনও কর্পোরেট এনটিটি, কখনও লাইনস অব বিজনেস ইত্যাদির সঙ্গে হোল্ডিং কোম্পানি করাসহ ব্যক্তিমালিকানায় হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারাদেশে রেল ধর্মঘটের এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় রেলওয়ের ১০টি সংগঠন। তবে একটি সংগঠন এ কর্মসূচি পালন থেকে বিরত ছিল।

সংগঠনগুলো হলো রেলওয়ে শ্রমিক দল, রেলওয়ে শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে কারিগরী পরিষদ, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক পার্টি, রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক জোট ও রেলওয়ে এমপ্ল¬য়িজ লীগ।

ধর্মঘট চলাকালে দেশের কোথাও কোন ট্রেন চলাচল করেনি।

এদিকে ধর্মঘটের ফলে হাজার হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষও বুধবারের জন্য বিক্রি করা টিকেট ফিরিয়ে নেয়।

রেলওয়ে সূত্র জানায়, ধর্মঘটের সময় রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ সবগুলো নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারিদের জোরপূর্বক বের করে দেয় এবং অনেক স্টেশন মাস্টারের কক্ষ তালাবদ্ধ করে দেয়। এছাড়া তারা লাকসাম থেকে একটি ট্রেন চাঁদপুরে ফিরিয়ে আনতেও বাধ্য করে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) ফেরদৌস আলম বিডিনিউজকে বলেন, ধর্মঘটের আগের দিন রাতে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের একটি বৈঠক হয়। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

ধর্মঘটের সময় কোন ট্রেন চলাচল করেনি বলেও তিনি জানান।

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, সকাল থেকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যায়নি। আবার ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল সিতাকুন্ডে , তূর্ণা নিশিথা কুমিরায়, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্স্রপ্রেস বাড়বকুণ্ডে , চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা মেইল চিতইশিড়ে এবং সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ ট্রেন আখাউড়ার কাছে আটকা পড়ে।

এদিকে চট্টগ্রামের কুমিরা স্টেশনে তূর্ণা নিশিথা ট্রেনের বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন না চলায় স্টেশন ম্যানেজার আব্দুস সালামকে পিটিয়ে আহত করে। চট্টগ্রাম রেলওয়ে প্রশাসন গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে শহরে নিয়ে আসে। তিনি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার ইব্রাহিম খলিলুল্লাহ বিডিনিউজকে বলেন, ছেড়ে আসা ট্রেনগুলো স্টেশনে পৌঁছানোর জন্য আমরা সকাল নয়টায় সংগ্রাম পরিষদের নেতাদের সাথে আলোচনা করি। কিন্তু সংগ্রাম পরিষদ তাতে সম্মত হয়নি।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার এ টি এম গোলাম মোস্তফা বিডিনিউজকে জানান, বাংলাদেশের চারটি রেলওয়ে ডিভিশনের কোনটিতেই ট্রেন চলেনি। চট্টগ্রামের বিভিন্ন স্টেশনে সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ স্টেশন অপারেটরকে নামিয়ে দিয়েছে। ফৌজদার হাট সহ বিভিন্ন স্টেশনে টেলিফোনের তার ছিঁড়ে ফেলেছে।

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, ধর্মঘট চলাকালে রাজবাড়ীর ওপর দিয়ে সব রুটের ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরিষদের নেতাকর্মীরা সকাল সাতটায় মিছিল বের করে এবং কন্ট্রোল রুমসহ রেল স্টেশনের সকল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ফলে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা দুটি ট্রেন পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনের কাছে ও রাজবাড়ী রেল স্টেশনে আটকে যায়।

রাজশাহী প্রতিনিধি জানান, বুধবার সকাল থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চল থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। আবার রাজশাহী রেল স্টেশনেও কোন ট্রেন প্রবেশ করেনি। ধর্মঘটের সমর্থনে সকালে সংগ্রাম পরিষদের নেতারা পশ্চিমাঞ্চল রেলওয়ে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা রেলওয়ে ইনস্টিটিউট প্রাঙ্গনে মিছিল ও সমাবেশ করে।

রেলওয়ে পশ্চিমাঞ্চল সূত্র জানায়, রেলওয়ে শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটের ফলে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কসপ, পাকশী ও লালমনিরহাট  বিভাগীয় কার্যালয় এবং পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজারের কার্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্টেশনে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো আটকা পড়ে। ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা--চট্টগ্রাম, ঢাকা--সিলেট ও ঢাকা--নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রামগামী ৫ টি ট্রেন আখাউড়া, আজমপুর ও মুকুন্দপুর রেল স্টেশনে আটকা পড়ে থাকে।

এর আগে সকালে ধর্মঘট সমর্থক শ্রমিক--কর্মচারিরা আখাউড়া রেল কেবিন ভবনে তালা ঝুলিয়ে দিতে গেলে ধর্মঘট বিরোধীদের সাথে ধাওয়া --পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে আখাউড়া জংশনে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া ধর্মঘট সমর্থকরা রেল লাইনের উপর পাথর দিয়ে অবরোধ সৃষ্টি করারও চেষ্টা করে।

এদিকে রেলওয়ে শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটকে সমর্থন দেয়নি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি দল। শ্রমিক কর্মচারি দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল আলম জানান, যোগাযোগ মন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হওয়ায় তারা ধর্মঘটে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।