২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অবরোধ নিয়ে নানা মত

উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালানোর পর দুদিন পেরিয়ে গেলেও জাতিসংঘের ক’টনীতিকরা এখন পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হতে পারেননি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 03:01 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপবিষয়ক যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার ওপর যে কোনো নিষেধাজ্ঞার ব্যাপারে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিতে চীন এবং রাশিয়া ভিন্ন অবস্থান নিয়েছে। তারা বিষয়টির একটি শান্তিপূর্ণ ও ক’টনৈতিক সমাধান আশা করছে। চীন বলছে, পারমানবিক পরীক্ষা চালানোর দোষে দেশটির একটি সমুচিত শাস্তি অবশ্যই পাওয়া উচিত এবং এই ঘটনার ফলে দুদেশের সম্পর্কেরও অবনতি ঘটবে। আর রাশিয়া আগেও দেশটিতে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছিলো। এখনও বলছেন, তারা বিষয়টির শান্তিপূর্ণ মীমাংসায় যে কোন উদ্যোগে শামিল হতে রাজী আছে।

ইরান অবশ্য উত্তরা কোরিয়ার পাশেই তার দৃঢ় অবস্থান নিয়েছে। কেননা দেশটি নিজেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার নিচেই রয়েছে।

শুধুমাত্র উত্তর কোরিয়ার ওপর আকাশ ও সমুদ্রপথে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপে সমর্থন দিয়েছে জাপান।

প্রসঙ্গত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ চালালে যুক্তরাষ্ট্র অনতিবিলম্বে দেশটির প্রতি কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে ১৩ দফা সম্বলিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে পেশ করে।

যুক্তরাষ্ট্র চাচ্ছে উত্তর কোরিয়ার পণ্য পরিবহনসহ নানা ধরনের অবরোধ আরোপ করা হোক। এই অবরোধ বাস্তবায়নে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের অনুমতি পেতেও তারা ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন, পারমানবিক পরীক্ষা চালানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অপরাধে সম্পূর্ণ নতুন ধরনের অবরোধের সম্মুখীন হতে হবে উত্তর কোরিয়াকে।

এদিকে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো আবারো পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছিল তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।