বুকার পুরস্কার জিতে নিলেন কিরণ দেশাই
দি ইনহেরিটেন্স অব লস’ উপন্যাসটির জন্য এ বছর বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভুত লেখিকা কিরণ দেশাই।
৫০ হাজার পাউন্ড মূল্যমানের যুক্তরাজ্যভিত্তিক সাহিত্য বিষয়ক অন্যতম এই পুরস্কারের দৌড়ে কিরণ তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ‘দি নাইট ওয়াচ’ উপন্যাসের লেখিকা সারাহ ওয়াটার্সকে পেছনে ফেলেন।
এবারের বুকার পুরস্কারের জন্য মনোনয়নের তালিকায় আরও ছিলেন কেইট গ্রীনভাইল, হিশাম মাটার, এমজি হাইল্যান্ড ও এডওয়ার্ড সেন্ট অবিন।
প্রতিযোগীদের মধ্যে কিরণ দেশাই ছিলেন সবচেয়ে কমবয়সী। ‘দি ইনহেরিটেন্স অব লস’ ৩৫ বছর বয়ষ্ক কিরণের দ্বিতীয় উপন্যাস।
বইটি তিনি তার মা আরেক ভারতীয় ঔপন্যাসিক অনীতা দেশাইকে উৎসর্গ করেন। অনীতা দেশাই এর আগে তিনবার বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে ভাগ্য তার সহায় হয়নি।
বুকার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিরণ বলেন, ‘এই অনুভূতিটা আমার জন্য বেশ কঠিন, আবেগময় অভিজ্ঞতা। আমার ধারণা উপন্যাসটির শেষ অংশে গিয়ে আমি ভেঙে পড়েছি, দুঃখ পেয়েছি।’
উপন্যাসটি সম্পর্কে তার নিজের বক্তব্য হলো, ‘এটি প্রায় আট বছর ধরে লেখা। ভেঙে পড়া, কঠিন জীবন কাটানো মানুষগুলোর কাহিনীর কোনো কোনোটির অর্ধেকটা, কোনোটির এক-চতুর্থাংশ, কোনোটির এক-অষ্টমাংশ লিখেছি। এর মধ্য থেকেই পুরো উপন্যাসটি দাঁড় করানোর চেষ্টা করেছি।’
বিচারকরা কিরণ দেশাইয়ের উপন্যাসটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এটি যেন মানুষের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি। মানুষের জীবন ধারণের গল্প। একটি মানুষের নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে তার জ্ঞান ও উপলব্ধি, কোমলতা ও রসবোধ এবং শাণিত রাজনৈতিক আবেদন যেন স্পন্দিত হয়ে উঠেছে উপন্যাসটির পাতায় পাতায়।’
বিচারক দলের চেয়ারওম্যান হার্মিয়োন লি বলেন, ‘আমার ধারণা কিরণের মা এতে গর্বিত হবেন।
