আপোসরফা না করলে পরমাণবিক পরীক্ষা চালিয়ে যাবে উত্তর কোরিয়া
জাতিসংঘের মাাধ্যমে আপোসরফা না করলে পারমাণবিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ এবং একই ধরনের আরো পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এক মুখপাত্র সবার উদ্দেশ্যেই এ সতর্কবাণী দিয়েছেন। খবর রয়টার্সের।
বেইজিং থেকে উত্তর কোরিয়ার ওই মুখপাত্রকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ জানায়, ‘পারমাণবিক পরীক্ষা বাদ দিয়ে ছয় জাতি সংলাপে বসতে আমরা এখনো রাজি। তবে তার আগে এর জন্য জাতিসংঘকে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে’।
এদিকে আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে উত্তর কোরিয়ার পরমাণূ অস্ত্রের সফল পরীক্ষার তীব্র ও কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের উত্তরে কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলো।
প্রয়োজনে সামরিক প্রক্রিয়ায় উত্তর কোরিয়ার ওপর আরোপিত অবরোধ বাস্তবায়ন করা হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি প্রস্তাব এর মধ্যেই নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছে ।
উত্তর কোরিয়ার আকাশ ও সমুদ্রপথের ওপর অবরোধ আরোপের পাশাপাশি সমুদ্রপথে চলাচলকারী মালবাহী কার্গো ও জাহাজে তল্লাশি চালানোর অধিকার চেয়ে এই প্রস্তাব পেশ করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষাকে উস্কানিমূলক মন্তব্য করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক শীর্ষ নেতারা উত্তর কোরিয়ার এধরনের আচরণ সহ্য করবেনা। উত্তর কোরিয়ার ওপর শাস্তি আরোপে অনতিবিলম্বে জাতিসংঘের অনুমোদন পেতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানোর কথা জানিয়েছেন বুশ।
এদিকে, আবারো এধরনের পরীক্ষা না চালানোর অনুরোধ জানিয়ে উত্তর কোরিয়াকে ছয় জাতি শীর্ষক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট জাপানের কেনজো ওশিমা।
নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ১৩ দফা সম্বলিত যে প্রস্তাবটি পাঠিয়েছে তাতে পারমাণবিক অস্ত্র তৈরী করা যায় এমন যাবতীয় উপকরণের ব্যবসা ও আমদানী-রপ্তানি বন্ধ করা, উত্তর কোরিয়ার সব মালবাহী জাহাজে জোর তল্লাশি চালানো, পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ করতে পারে এমন যে কোন অর্থনৈতিক লেনদেন বন্ধ এবং সবধরনের বিলাস দ্রব্যে আমদানীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
জাতিসংঘ সনদের সাত নম্বর অনুচ্ছেদের আওতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অবোরোধ বাস্তবায়িত হোক এটাই আশা করছে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর মাধ্যমে এই অবরোধ অতিসত্বর আরোপের ওপর জোর দিচ্ছে দেশটি।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী মার্গারেট বেকেট বলেছেন, জাতিসংঘ সনদের সাত নম্বর অনুচ্ছেদের আওতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অবরোধ বাস্তবায়নে জোরালো সমর্থন ও সহযোগিতা দেবে তার দেশ।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে একে অপ্রয়োজনীয় বলেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক জিল ইয়োন। তিনি বলেন পারমাণবিক অস্ত্রের এ ধরনের সফল পরীক্ষার জন্য তার দেশ অবশ্যই প্রশংসা ও কৃতিত্বের দাবীদার।
