পারমাণবিক বোমার সফল পরীক্ষামূলক বিস্ফোরণের ঘোষণা দিল উত্তর কোরিয়া
ভূগর্ভে পারমাণবিক বোমার সফল ও নিরাপদ পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার পারমাণবিক বোমার সফল বিস্ফোরণের পরীক্ষা চালানো হয় বলে দাবি করেছে দেশটি।
দক্ষিণ কোরিয়ায় জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো আবের সফরের প্রতিবাদ হিসেবেই এ পরীক্ষা চালানো হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়।
সফল এই পরীক্ষা উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে গেল।
‘উত্তর কোরিয়ার এই সফল পরমাণু পরীক্ষা একটি ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে। কোরিয়ান পিপলস আর্মি বা কোরিয়ার সেনাবাহিনী এবং সাধারণ জনগণ যারা আভ্যন্তরীণ প্রতিরক্ষা আরো জোরদার করতে আগ্রহী তাদের জন্য এই পরীক্ষা নিঃসন্দেহে আনন্দের’ বলেছে উত্তর কোরিয়ার একটি সংবাদ সংস্থা।
ভূ-গর্ভস্থ এই পরীক্ষায় কোনোধরনের ক্ষতির সম্ভাবনা নেই বলে জানানো হয়।
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ঘোষণা দিলে কয়েক সপ্তাহ ধরে নিয়ে বিশ্বের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পারমাণবিক বোমা বিস্ফোরণের পরীক্ষা স্থগিত রাখার জন্য উত্তর কোরিয়াকে অনুরোধ জানিয়েছিল ।
এদিকে সোমবার উত্তর কোরিয়া যখন পারমাণবিক বোমার বিস্ফোরণটি চালায় তখন সেখানে ৩.৫৮ থেকে ৩.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিভবন ব্লু হাউজ।
তবে মার্কিন ভূ- তত্ত্ব জরিপ কেন্দ্র গত ৪৮ ঘন্টায় কোরিয়ার উপদ্বীপে কোনো ধরনের ভূকম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন যে পারমাণবিক পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া চীনকে ২০ মিনিটের জন্য একটি সতর্ক বার্তা পাঠিয়েছিল।
চীন সেই সতর্কবার্তা সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে জানিয়ে দেয়।
