জর্জিয়ার ওপর চাপ প্রয়োগে পুতিনের আহ্বান
বিতর্কিত আঞ্চলিক বিষয় নিয়ে জর্জিয়া যেন তার তৎপরতায় ‘চরম মাত্রায়’ পরিবর্তন আনে সেজন্য দেশটির ওপর চাপ প্রয়োগে ইউরোপিয় নিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন।
পুতিন ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত সংস্থা ওএসসিইর (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ) কাছে পাঠানো এক চিঠিতে শুক্রবার এ আহ্বান জানান। তিনি বলেন, জর্জিয়া শক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে চায়।
জর্জিয়া সন্দেহভাজন চার রুশ গোয়েন্দাকে আটক করার জের ধরে রাশিয়া প্রায় ১৩০ জন জর্জিয়াবাসীকে বহিষ্কার করে। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়।
ওই চার রুশ সামরিক কর্মকর্তাকে জর্জিয়া গত সোমবার ওএসসিইর কাছে হস্তান্তর করার পরও রাশিয়া অবৈধভাবে বসবাসকারী জর্জিয়াবাসীদের বহিষ্কারসহ দেশটির বিরুদ্ধে বেশ কয়েক দফা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
ওএসসিইর কাছে লেখা চিঠিতে পুতিন অভিযোগ করেন, জর্জিয়া আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া ভূ--খণ্ডের অধিকার নিয়ে রাশিয়ার সাথে সৃষ্ট বিতর্কের সমাধান শক্তি প্রয়োগের মাধ্যমে করার পরিকল্পনা করছে। দেশটির তৎপরতা ‘চরম মাত্রায় পরিবর্তনের জন্য’ ওএসসিইর মনোযোগ ও উৎসাহ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, তার ভাষায়, আন্তর্জাতিক সম্প্রদায় জর্জিয়ার দায়িত্বজ্ঞানহীনতাকে আর ‘উপেক্ষা’ করতে পারে না।
