২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন না হলে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে: আনোয়ার চৌধুরী

সুষ্ঠু নির্বাচন না হলে সন্ত্রাসীরা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী। যুক্তরাজ্যের চিফ ট্রেজারি সেক্রেটারি স্টিফেন টিমসের চারদিনের সফর শেষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ তিনি এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 02:55 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তবে সংস্কার প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলেও বাংলাদেশে থাইল্যাণ্ডের মতো সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

আনোয়ার চৌধুরী বলেন, ‘ নির্বাচনে যা দেখবো কোন ভয়-ভীতি ছাড়াই আমরা তাই বলবো। এছাড়া আমরা বিশ্বাস করি রাজনৈতিক বিশৃঙ্খলতায় আরও পাঁচ বছর নষ্ট করার সামর্থ বাংলাদেশের নেই।’

সংবাদ সম্মেলনে টিমস বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কয়েক দফা সংলাপ খুবই প্রয়োজন। আমরা আশা করছি খুব তাড়াতাড়িই তা শুরু হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপ সফল হলে আগামী নির্বাচনের ফলাফল সবাই মেনে নেবে। ক্ষমতায় যেই যাক যুক্তরাজ্য তাকে সহযোগিতা দিয়ে যাবে বলেও তিনি জানান।

টিমস বলেন, যুক্তরাজ্য দুদেশের সম্পর্কোন্নয়নে গত কয়েক বছর ধরেই সহায়তা জোরদার করেছে এবং আগামী ২০০৮ সালের মধ্যে এর পরিমাণ আরও বাড়ানো হবে। তিনি বাংলাদেশের দারিদ্র বিমোচন প্রচেষ্টারও ভূঁয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বিদ্যমান চরম দারিদ্র নিরসনে ১৬৫ মিলিয়ন পাউন্ড, ইংরেজি শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ বাবদ ৫০ মিলিয়ন পাউন্ড এবং বাংলাদেশি ডায়াসপোরা বন্ড চালু করার জন্য আন্তর্জাতিক আর্থিক সংস্থার মাধ্যমে যুক্তরাজ্য ৩০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং সহায়তা দেবে।