অন্তর্বতীকালীন থাই প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন আজ
থাইল্যান্ডের নতুন বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নেবেন সাবেক জেনারেল সুরায়ুদ চুলানন্ত। আজ সকালে এ পদের জন্য তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সেদেশের বর্তমান সামরিক সরকার।
থাইল্যান্ডের বর্ষীয়ান রাজা ভূমিবল আদুলিয়াদেজের আনুষ্ঠানিক অনুমোদন লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে চুলানন্তের নাম ঘোষণা করা হয়।
থাইল্যান্ডের সামরিক জান্তা সরকার দেশটির জন্য নতুন সংবিধান রচনা করবে এ রকম সিদ্ধান্ত জানানোর পরপরই সেদেশের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হলো।
অরাজনৈতিক ভাবধারা এবং পেশাদার মনোবৃত্তির জন্য সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের কাছে সমান জনপ্রিয় সুরায়ুদ চুলানন্ত ২০০৭ সালের অক্টোবরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
