ফিলিস্তিনে সমর্থকরা ফাতাহ নেতৃবৃন্দের পদত্যাগের দাবি জানিয়েছে
ফাতাহ দলের কর্মীরা নির্বাচনে পরাজিত হওয়ার পর ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসসহ কেন্দ্রীয়নেতাদের পদত্যাগের দাবি জানিয়েছে।
গাজায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ সমর্থকরা আকাশে গুলি ছুঁড়ে শাহমুদ আব্বাসসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তাদের অনাস্থা জ্ঞাপন করে। এসময় তারা বেশ ক’টি গাড়িও ভাংচুর করে।
বিক্ষুব্ধ কর্মীরা মুসলিম জঙ্গীবাদী সংগঠন হামাসের কাছে বিরাট ব্যবধানে পরাজিত হওয়ার পেছনে ফিলিস্তিন কর্তৃপক্ষের দুর্নীতি এবং অদক্ষতাকে দায়ী করেছে।
নির্বাচনে ১৩২ টি আসনের মধ্যে হামাস পেয়েছে ৭২ টি আসন।
এদিকে আব্বাস সরকার গঠনের জন্য হামাস নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন।হামাস বলছে তারা ঐক্য এবং অংশীদারিত্বের ভিত্তিতে সরকার গঠন করতে ইচ্ছুক।
সহিংসতার পথ ছাড়তে না পারলে দাতা গোষ্ঠীগুলো ফিলিস্তিনে অনুদান দেয়া বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে।
হামাস সরকার গঠন করলে বেসরকারি সংস্থার মাধ্যমে দেয়া মার্কিন সহায়তার বিষয়টি পর্যালোচনা করবে বলে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।ইসরাইলের হামাসের সাথে কোন আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে।
নির্বাচনে হামাসের সুস্পষ্ট বিজয় নিশ্চিৎ হওয়া মাত্রই জেরুযালেমের পশ্চিম উপকূলে সতর্ক অবস্থায় ইসরাইলি সেনাবাহিনীর বেশ ক’টি দল কে মোতায়েন করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইইউ এবং রাশিয়া সহিংসতার পথ পরিত্যাগ করে ইসরাইলের অস্তিত্ব স্বীকার করে নেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছে।
