২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ইরাকে এক মার্কিন সেনা সহ চার জন নিহত

দক্ষিণ বাগদাদে রাস্তার পাশে পুঁতে রাখা এক বোমা বিস্ফোরিত হলে এক মার্কিন সেনা ও তিন  ইরাকি পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার বাগদাদে বিবৃতিতে এক পুলিশ কর্মকর্তা এ খবর দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহত মার্কিন সেনা ইরাকে নিযুক্ত যৌথ বাহিনীর অধীনে কর্মরত ছিলো। তবে নিহত সেনার পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মার্চ ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত ইরাকে ২,২৩৭ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

বুধবার বিকালে উত্তর বাগদাদে রাস্তার পাশে পুঁতে রাখা অন্য এক বোমা বিস্ফোরণের ঘটনায় তিন ইরাকি সেনা নিহত ও চার জন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আমির আল-আহবারি।

বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বাগদাদ থেকে ৫৫ মাইল উত্তরে বাগদাদ-মসুল মহাসড়কের ইসাকি এলাকায়।