২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালে বিশ্বে ১৫০ জন সাংবাদিক নিহত হয়েছেন

গত বছর বিশ্বে ১৫০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিষ্ট (আইএফজে) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পালন করতে গিয়ে যুদ্ধ ক্ষেত্রে, প্রাকৃতিক বিপর্যয়ে ও দুর্ঘটনায় পড়ে তারা নিহত হন।

২০০৫ সালের বার্ষিক এই প্রতিবেদনে আইএফজে বলেছে, গত বছরটি ছিলো সাংবাদিকদের জন্য সবচেয়ে খারাপ ও বিপদজনক সময়। এ সময় প্রচন্ড ঝুঁকি নিয়ে তাদের কাজ চালিয়ে যেতে হয়েছে।

নিহতদের মধ্যে ৮৯ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে রাজনৈতিক চরমপন্থী, সামরিক বাহিনী বা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।   

বাকি ৬১ জন দায়িত্ব পালনকালে প্রাকৃতিক বিপর্যয়ে মুখে পড়ে মারা যান। এর মধ্যে ইরানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এবং দক্ষিণ এশিয়ায় সংঘটিত বড় তিনটি ভূমিকম্পে ৪৮ জন সাংবাদিক নিহত হন।

এছাড়া যুদ্ধ বিধ্বস্ত ইরাকে গত বছর ৩৫ জন সাংবাদিক মারা গেছেন।

সাংবাদিক নিহত হবার দিক থেকে ফিলিপাইন দ্বিতীয় বিপদজনক দেশ। এশিয়া প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলে নিহত ৩৬ জনের মধ্যে কেবল এখানেই নিহত হয়েছেন ১০ জন সাংবাদিক।

দক্ষিণ এশিয়ার আফগানিস্তানে ২ জন, বাংলাদেশে ২ জন, ভারতে ৩ জন, পাকিস্তানে ৬ জন, শ্রীলঙকায় ৪ জন এবং নেপালে ২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আইএফজে’র প্রেসিডেন্ট ক্রিষ্টফার ওয়ারেন বলেছেন, ২০০৫ সাল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংবাদিকদের জন্য এবছর অনেক বেশি শোকাবহ ছিলো।

আইএফজে বলেছে, সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে তদন্ত করেছে এবং হাতেগোনা কয়েকজন ঘাতককে আইনের আওতায় আনতে পেরেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুলিশের দূর্নীতি, বিচার বিভাগের অযোগ্যতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাংবাদিক হত্যার বিষয়টি এড়িয়ে যাবার একটি সংস্কৃতি চালু হয়েছে।

সাংবাদিক হত্যা ও নির্যাতন রোধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের সকল দেশের সরকারের প্রতি চাপ প্রয়োগ করার জন্য আইএফজে জাতিসংঘের মহাসচিবের প্রতি আহ্বাণ জানিয়েছে।

বিশ্বের ১১০ টি দেশের ৫ লাখের বেশি সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি সংগঠন আইএফজে।