ম্যালেরিয়া চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গাইডলাইন
ম্যালেরিয়ার জীবানু যাতে এর ওষুধের কার্যকারিতার প্রতিরোধক হয়ে উঠতে না পারে সেজন্যে এ রোগের ওষুধ তৈরির ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে একক ওষুধ (সিঙ্গেল-ড্রাগ) বিপণন বন্ধ করে বাজারে সমন্বিত ওষুধ ছাড়ার নির্দেশ দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়া চিকিৎসা সংক্রান্ত নতুন এ গাইডলাইনে বলা হয়, ‘মনোথেরাপি’ নামে পরিচিত একক ওষুধের ডোজ ম্যালেরিয়ার জীবানুকে দুর্বল করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, কিন্তু এটি সম্পূর্নরূপে জীবানুকে ধ্বংস করতে পারে না।
সংস্থাটির মহাপরিচালক ড. লী জং-উক এক বিবৃতিতে বলেন, আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে জরুরী ভিত্তিতে একক ডোজের (সিঙ্গেল-ড্রাগ) ট্যাবলেট বিপণন বন্ধ করে বাজারে সমন্বিত ডোজের ওষুধ ছাড়ার অনুরোধ জানিয়েছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ম্যালেরিয়ার ওষুধ সঠিকভাবে ব্যবহার হয় কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। তাই সমন্বিত থেরাপির মাধ্যমে অন্যান্য ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধের সঙ্গে এটি ব্যবহার করা হলে তা এ রোগ সারাতে প্রায় ৯৫ ভাগ কার্যকর হয় এবং এক্ষেত্রে জীবানু ওষুধ প্রতিরোধক হয়ে উঠতে পারে না।
এনোফিলিস মশাবাহিত জীবানুর কারণে সৃষ্ট এ রোগে বিশ্বে প্রতিবছর কমপক্ষে ১০ লাখ লোক প্রাণ হারায় এবং গুরুতর অসুস্থ হয় প্রায় ৩০ কোটি লোক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এ গাইডলাইন অনুসারে, এখন থেকে ফ্যালসিপারাম ম্যালেরিয়া চিকিৎসায় অবশ্যই সমন্বিত থেরাপি ব্যবহার করতে হবে, একক ডোজ বা মনোথেরাপি নয়।
তাই সংস্থাটি ভবিষ্যত প্রজন্মের জন্যে এ রকম ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ তৈরির জন্যে গবেষক ও ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
সংস্থার ম্যালেরিয়া বিভাগের পরিচালক ড. আতারা কোচি বলেন, এখন থেকে আমাদের এ ধরনের নিরাপদ ও কার্যকর ওষুধের সাহায্যেই রোগীর চিকিৎসা করতে হবে। আর তা করতে না পারলে পূর্ণাঙ্গভাবে ম্যালেরিয়া সারানো সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।
