২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে শিয়াজোট বিজয়ী

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে শিয়া-নেতৃত্বাধীন ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স জয়লাভ করেছে। তবে তারা সরকার গঠন করার মত একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শুক্রবার ঘোষিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স ১২৮টি পার্লামেন্ট আসন পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আরো ১০টি আসন প্রয়োজন ছিল। কুর্দি রাজনৈতিক দলগুলো ৫৩টি ও প্রধান সুন্নি আরব ব্লক ৪৪টি আসন পেয়েছে।

এছাড়া ইরাকি ন্যাশনালিস্ট ২৫টি, ইরাকি ফ্রন্ট ফর ন্যাশনাল ডায়ালগ (সুন্নি) ১১টি এবং অন্যান্যরা ১৪টি আসন পেয়েছে।

শিয়া--নেতৃত্বাধীন জোটকে এখন জোট করে সরকার গঠনের চেষ্টা করতে হবে।

বেশ কিছু সুন্নি রাজনীতিবিদ ইতোমধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ উত্থাপন করেছেন। নির্বাচনে উপস্থিত আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনে অনিয়মের সমালোচনা করেছেন।

নির্বাচনের ফলাফল গ্রহণ করতে যারা রাজি নন, তারা আপিল করতে দু’দিন সময় পাবেন।

অন্তর্বর্তীকালীন পার্লামেন্টে শিয়াজোটের ১৪৬টি আসন থাকলে ডিসেম্বরের নির্বাচনে তাদের আসন সংখ্যা কমে গেছে। আসন কমেছে কুর্দি জোটের। আগের ৭৫টি থেকে তাদের আসন ৫৩টিতে এসে দাঁড়িয়েছে।

কিন্তু সুন্নি আরব ব্লকের আসন বেড়েছে। ২০০৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন বয়কট করার কারণে তারা মাত্র ১৭টি আসন পেয়েছিল। কিন্তু এবার তারা ৪৪টি আসন পেয়েছে।

কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে সমঝোতায় পৌঁছাতে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস লেগে যেতে পারে।