জীবিত হয়েও ভূতের অপবাদ বয়ে বেড়াচ্ছে হতভাগা এক ভারতীয়
রাজু রঘুবংশীকে দেখলে দিনের বেলাতেও ভূত দেখার আতঙ্কে লোকে দৌড়ে পালায়। গ্রামের চেনাজানা সকলেই তাকে ভূত বলে ডাকে।
ভারতের মধ্যপ্রদেশের মান্ডলা জেলার কাটরা গ্রামের জলজ্যান্ত এ মানুষটি এবার ‘ভূত’ নামের অপবাদ ঘোচাতে বদ্ধপরিকর।
পয়তাল্লিশ বছর বয়সী রাজুকে গ্রামবাসী কেন যেন মৃত বলেই মনে করে। তাকে দেখলেই তারা শিষ দেয়, নয় তো ‘ভূত, ভূত’ বলে খেপাতে থাকে। বাচ্চারা এ কাজে যেন বিশেষ তৎপর।
গ্রামবাসীর এ আচরণে ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিল রাজু। কিন্তু পুলিশ এ বিষয়ে তাকে কোনও সহায়তা করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়।
মান্ডলার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা রঘুবংশীর অভিযোগটি নথিভুক্ত করেছি। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারছি না, কারণ কেউ তাকে শারীরিক আঘাত করেনি কিংবা হুমকিও দেয়নি।
গ্রামবাসী বলছে, রঘুবংশী জীবন ধারণের জন্য গ্রামে অদ্ভুত সব কাজ করে বেড়ায়।
প্রায় চার মাস আগে মদ তৈরির দায়ে তাকে পুলিশ মান্ডলা জেলে নেওয়ার পর দেখা যায় সে মারাত্মক পেটের পীড়ায় ভুগছে। পরে কর্তৃপক্ষ তাকে জেল থেকে পাঠায় জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে জেলা হাসপাতাল থেকে পাশ্ববর্তী জবলপুর জেলার মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রায় দু’ সপ্তাহ পর তার চাচাতো ভাই লাচ্ছু বাড়িতে ফিরে জানায়, সে হাসপাতালেই মারা গেছে।
হাসপাতালে থাকার সময় তাকে দেখতে তার কোনও আত্মীয়-স্বজন যায়নি। এমনকি মারা যাওয়ার খবর পাওয়ার পরও তার শবদেহ আনার জন্য কেউ হাসপাতালে যায়নি। তার এক আত্মীয় জানায়, কয়েকদিন লাশ বেওয়ারিশ হিসেবে পড়ে থাকার পর জবলপুর জেলা কর্তৃপক্ষ সেটি গ্রহণ ও সৎকার করে। এ খবর পাওয়ার পর আত্মীয়-স্বজনেরা গ্রাম্য পঞ্চায়েতের সঙ্গে পরামর্শ করে প্রথাগত আচার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়।
হিন্দু রীতি অনুযায়ী রঘুবংশীর চাচাতো ভাই লাচ্ছুসহ তার পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরা শেষ আচার অনুষ্ঠান পালন করে।
এত কিছু হয়ে গেলেও রাজু রঘুবংশী আসলে মরেনি। ক’দিন পরই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে গ্রামে ফিরে আসে। তারপর থেকে গ্রামবাসীরা তাকে এড়িয়ে চলছে এবং তাকে ভূত বলে আখ্যা দিয়ে আসছে।
রঘুবংশী জানায়, আমার খুবই খারাপ লাগে যখন লোকজন আমাকে ‘ভূত, ভূত’ বলে খেপায়। যখন আমি গ্রামে ফিরে লাচ্ছুর সঙ্গে দেখা করলাম তখনই জানলাম গ্রামবাসীদের কাছে আমি মৃত।
রঘুবংশী দাবি করেছে, যার কথা বলে তার মৃত্যু সংবাদ রটেছে সে অন্য কেউ। কিন্তু তার কথা কেউ কানে তুলছে না। ‘ভূতের কথার আবার সত্য মিথ্যা কি’ এমনটাই বলছে গ্রামবাসী।
জীবনের এক নির্মম বাঁকে এসে রঘুবংশী বেঁচে থেকেও নিজেকে জীবিত প্রমাণ করতে ব্যস্ত। কিন্তু আদৌ সে এ সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবে কি না তা নিয়ে তার মনে আছে এখন অনেক সংশয়। রঘুবংশীর জীবনের এই হল ট্রাজেডি!
