নেপালের শীর্ষ বিরোধী নেতাসহ তিনশতাধিক নেতা গ্রেফতার
নেপালে প্রধান বিরোধী দলীয় নেতাদের কয়েকজনসহ বৃহস্পতিবার সকালে তিনশতাধিক জনকে গ্রেফতার করেছে নেপালি পুলিশ। রাতের সাত ঘণ্টার কারফিউ শেষে ভোরে নেপালের রাজা আবারও অনির্দিষ্টকালের জন্য সকল টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পর দেশ জুড়ে এ গ্রেফতারের ঘটনা ঘটে।
ভোর চারটায় কারফিউ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে বিরোধী দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করে।
নেপালি কংগ্রেস পার্টির নেতা এবং সাত বিরোধীদলীয় জোটের প্রধান সাবেক উপ-প্রধানমন্ত্রী রামচন্দ্র প্যাডেলকে তার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে।
নিরাপত্তা বাহিনী সাবেক শের বাহাদুর দিউবার মন্ত্রিসভার বহু মন্ত্রীকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে রয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ সারান মাহাট এবং সাবেক বাণিজ্য, শিল্প ও সরবরাহ মন্ত্রী ইসোর পাখরেল। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক মন্ত্রী মীনা পান্ডে, বাহিম রাওয়াল এবং সুভাষ নেমওয়াং রয়েছেন।
শুক্রবার কাঠমান্ডুতে বিরোধী দলগুলোর ডাকা মহাসমাবেশ ভণ্ডুল করতে এ গ্রেফতারে ঘটনা ঘটানো হয়েছে বলে বিরোধীদলের নেতারা দাবি করেছেন।
এর আগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল থাপা বুধবার বিরোধীদলের নেতাদের হুশিয়ার করে বলেন, তারা যদি সরকার ঘোষিত ৮ ফেব্র“য়ারির পৌরসভা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয় তবে এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
এদিকে নেপালি কংগ্রেস (গণতান্ত্রিক) পার্টির প্রধান গোপাল ম্যান শ্রেষ্ঠাকে পদচ্যুত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং নেপালের মাওবাদী ও লেলিনবাদী কমিনিস্ট পার্টির (ইউএমএল) একজন শীর্ষনেতা প্রয়াত মদন ভাণ্ডারির স্ত্রী বিদ্যা ভাণ্ডারিকেও গ্রেফতার করা হয়েছে।
ইউএমএল বলেছে, তাদের শীর্ষ ১৩ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন প্রদীপ নেপাল এবং আরও পাঁচ সাবেক মন্ত্রী।
নেপালি সরকার বুধবার রাত ৯ টা থেকে বৃহস্পতিবার ভোর ৪ টা পর্যন্ত কারফিউ জারি করে। এরপর পরই নেপালের সকল টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় সরকার।
সকাল ৮ টার পর আবার টেলিফোন লাইন চালু করা শুরু হলেও এখনও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
