২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নাশকতার আশংকা, বিপুল বিস্ফোরক সহ পাঁচজন আটক

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকা থেকে পুলিশ পাঁচ সন্দেহভাজনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অর্থ সহ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পুলিশ জানিয়েছে, আটককৃত পাঁচ জনের মধ্যে চার জন সৌদি নাগরিক এবং বাকি একজন বিদেশী। পুলিশ সন্দেহ করছে তারা রাজধানী রিয়াদে বড় ধরনের  কোন নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করছিলো।

নাম প্রকাশ না করার শর্তে একজন সৌদি কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজনরা অল্প দিনের মধ্যেই একটি বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলো।

পুলিশের অন্য একটি সূত্র থেকে জানা গেছে, উত্তর রিয়াদ থেকে পুলিশ ২০ কিলোগ্রাম বিস্ফোরক এবং এক মিলিয়ন সৌদি রিয়াল উদ্ধার করে। সূত্র বলেছে, সন্দেহভাজনরা সম্ভবত কোন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা করেছিলো।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাকে আটক করার পর তার মাধ্যমে অন্যদের অবস্থান নিশ্চিত হয়ে বাকি চারজনকে পুলিশ আটক করে।

পুিলশ বলেছে, এই সন্দেহভাজনদের আটক করার সময় অন্তত একটি ঘটনায় সন্দেহভাজনদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। তারা পালিয়ে যাবার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে।

তবে আটক একজন বিদেশীর পরিচয় সম্পর্কে পুলিশ কিছুই নিশ্চিত করেনি।

আটককৃতদের সঙ্গে সৌদি আরবের আল-কায়েদা গ্র“পের কোন সম্পর্ক আছে কিনা পুলিশ এখনো তা নিশ্চিত হয়নি।

২০০৩ সালের মে মাসে একাধিক রক্তক্ষয়ী হামলার পর সৌদি সরকার মুসলিম জঙ্গিদের দমন করতে নানা অভিযান পরিচালনা করে আসছে। উল্লেখ্য সেখানে পশ্চিমা দেশের মালিকানাধীন নানা তেল ক্ষেত্র সহ তাদের বিভিন্ন অফিস ও স্থাপনায় মুসলিম জঙ্গিরা হামলা পরিচালনা করার হুমকি দিয়ে আসছে। তারা মার্কিন ঘেঁষা সৌদি সরকারের প্রতিও বেজায় নাখোশ।

মার্কিন ঘেঁষা নীতির জন্য সৌদি রাজ পরিবারও আল-কায়েদার টার্গেট হয়ে আছে।