২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতি সিংহাসনে অধিষ্ঠিত হচ্ছেন যুবরাজ শেখ সাদ আল আবদুল্লাহ আল সাবাহ্

কুয়েতের আমির এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র শেখ জাবের আল আহমেদ আল সাবাহ্ কে রোববার অত্যন্ত অনাড়ম্বরভাবে সমাহিত করা হলো। আর কুয়েতের হাজারো সাধারণ মানুষ সেখানে জমায়েত হয়ে তাদের প্রিয় নেতা কে শেষবারের মত শ্রদ্ধা জানালেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ রাজপরিবারের অন্যান্য সদস্যসহ অতিসাধারণ এ গোরস্থানের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সকলের সাথে শোক ভাগাভাগি করে নেন। উল্লেখ্য, শেখ সাবাহ সদ্যপ্রয়াত আমিরের সৎ ভাই।

রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও যাঁরা শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ছুটে এসেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ্, ইরাকের প্রেসিডেন্ট জালাল তালেবানি ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক।

আরব লীগের মহাসচিব আমর মুসা এক শোকবার্তায় শেখ জাবের কে একজন বিচক্ষণ শাসক হিসেবে অভিহিত করেন।

জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেন, শেখ জাবেরের নের্তৃত্বে কুয়েত রাজনৈতিক সংস্কারের পাশাপাশি মহিলাদের স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শোক জ্ঞাপন করেনি।

কুয়েতি পতাকায় মোড়া আমিরের মরদেহ যখন সমাধিস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হুইল চেয়ারে বসে অসুস্থ যুবরাজ ১০০০০ শোকাহত মানুষের মিছিল দেখছিলেন।বৃহদন্ত্রের জটিলতায় আক্রান্ত ৭০ বছর বয়স্ক যুবরাজ শেখ সাদ আল আবদুল্লাহ আল সাবাহ্ কে প্রতি পনেরোদিন অন্তর বিদেশে পাড়ি দিতে হয় চিকিৎসার জন্য।তাই, সিংহাসনে অভিষিক্ত হলেও তাঁর হয়ে দেশ পরিচালনা করবেন অভিজ্ঞ প্রধানমন্ত্রী।আর রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে বর্তমানে অনুসৃত নীতির কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল রাইদা আসিরি বার্তাসংস্থাগুলোকে জানান, কার্যতঃ শেখ সাদ আল আবদুল্লাহ আল সাবাহ্ রাজকার্য পরিচালনা করলেও শোকপালনকাল অতিবাহিত হলে নতুন রাজার নাম ঘোষণা করা হবে।

সংবিধান মতে, বর্তমান বাদশাহ নতুন যুবরাজের নাম ঘোষণার জন্য এক বছর সময় পাবেন।

আল সাবাহ্ পরিবার কুয়েতে রাজত্ব করছে প্রায় আড়াইশো বছর ধরে।পরিবারটি সমগ্র কুয়েতে শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়তা এবং সমর্থন ভোগ করে আসছে।