কুয়েতের আমীর শেখ জাবেরের পরলোকগমন
কুয়েতের আমীর শেখ জাবের আল-আহমেদ-আল-সাবাহ ইন্তেকাল করেছেন। কুয়েতি রাষ্ট্রীয় টেলিভিশন আমীরের মৃত্যু সংবাদ ঘোষণা করে।
শেখ জাবের-এর ২০০১ সালে মৃদু স্ট্রোকের পর থেকে তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। এরপর থেকে তাঁকে জন সম্মুখে খুব কমই দেখা গেছে।
কুয়েতি সরকার শেখ জাবেরের মৃত্যুর জন্য ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সরকারি অফিসসমূহ তিনদিনের বন্ধ ঘোষণা করেছে।
১৯৮৫ সালে একবার এবং ১৯৯০ সালের আগস্টে ইরাকের কুয়েত অভিযানের সময় তিনি আরেকবার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান।
ইরাকের কুয়েত অভিযানের সময় তিনি সৌদি আরবে প্রবাসী সরকার গঠন করেন এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী কুয়েত মুক্ত করার পর ১৯৯১ সালের মার্চে দেশে ফিরেন।
শেখ জাবের ১৯৬৫-৭৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি কুয়েতের ত্রয়োদশ শাসক ছিলেন।
কুয়েতের বর্তমান যুবরাজের শারীরিক অবস্থা ভালো না যাওয়ায় দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
