সংজ্ঞাহীন অবস্থা থেকে শ্যারনের জেগে ওঠার সম্ভাবনা ক্ষীণ
হৃদরোগে আক্রান্ত হবার ন’দিন পরও সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারন। ক্রমে তাঁর জেগে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠছে। শুক্রবার হাদাসসাহ হাসপাতালের ডাক্তাররা এমন মন্তব্য করেন।
ইসরায়েলের চ্যানেল ১০ এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত বেতারের বরাত দিয়ে শ্যারনের অপরিবর্তিত শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। পাশাপাশি,’মেডিক্যালি ইনডিউস্ড কোমা’ প্রত্যাহারের ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ক্ষত সারাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেই মূলত: শ্যারন কে এত দীর্ঘসময় কোমায় রাখা হয় ।তবে চিকিৎসকরা এও বলছেন যদিও শ্যারন কে কোমায় রাখা হয়েছে, জানুয়ারি ৪ এর স্ট্রোকের দরুন তাঁকে হয়ত এমনি অচেতন অবস্থাতেই পড়ে থাকতে হতো।
এদিকে ব্যথাজনিত কারণে শ্যারন কিছুটা সাড়া দিচ্ছেন বলে মনে করায় চিকিৎসকরা তাঁর শরীরের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছিলেন।তবে ইসরায়েলিরা এখন শ্যারনের সুস্থ হবার আশা ছেড়ে দিয়েছে।
শ্যারনের দু’ছেলে বাবা কে জাগিয়ে তুলতে শয্যাপাশে উচ্চাঙ্গ সঙ্গীত বাজিয়ে চলেছেন।
এদিকে ভারপ্রাপ্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জানুয়ারি ২৫ এ অনুষ্ঠেয় ফিলিস্তিনি সংসদীয় নির্বাচন সম্পর্কে আলোচনা করতে দু’জন মার্কিন দূতের সাথে দেখা করেছেন। এবছর নির্বাচনে হামাসের অংশগ্রহণের কারণে অতিরিক্ত সতর্ককা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার ওলমার্ট বিচারমন্ত্রী টিজিপি লিভনি কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
