মক্কায় পদদলিত হয়ে ৩৬২ হাজির মৃত্যু, আহত ২৮৯
সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনকালে শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ৩৬২ জন হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় কমপক্ষে ২৮৯ হাজি গুরুতর আহত হন ।
পদপিষ্ট হয়ে প্রতিবছর হাজি মৃত্যুর ঘটনা ঘটলেও এ বছরে প্রাণহানির সংখ্যা গত ১৬ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। জামারাত সেতুর কাছে যেখানে শয়তানের উদ্দেশ্যে স্তম্ভ বরাবর পাথর নিক্ষেপ করা হয় সে স্থানেই এ দুর্ঘটনা ঘটে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তারকি বলেন, চলন্ত বাস থেকে হাজিদের কিছু মালপত্র সেতুর মুখে পড়ে গেলে হুড়োহুড়োতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী হামাদ বিন আবদুলাহ আল মানে এ দুর্ঘটনায় কমপক্ষে ২৮৯ জন ব্যক্তির আহত হবার খবর নিশ্চিৎ করে বলেন আহতদের অধিকাংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ।
এ বছর প্রায় ২০ লাখ হাজি মিনায় সমবেত হয়েছিলেন।
মিনার হাসপাতালগুলোতে আহত হাজিদের স্থান সংকুলান না হওয়ায় অনেককেই রিয়াদ ও মক্কায় নিয়ে যাওয়া হয়েছে।এ্যামবুলেন্স ও পুলিশের গাড়িকে এসময় দুর্ঘটনাস্থল থেকে ভিড় সরাতে হিমশিম খেতে হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, হাজিরা তাওয়াফ আল ওয়াদা বা সাতবার কাবা প্রদক্ষিণের পর মিনায় এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।
হজের আনুষ্ঠানিকতা পালনকালে শয়তানের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০০৪ সালে ২০০ জন হজযাত্রী পদদলিত হয়ে প্রাণ হারান।
এ বছরে হজ শুরুর আগে মক্কায় এক হোটেল ভবন বিধ্বস্ত হলে অন্তত:৭০ জন নিহত হয়।
