মহামারির রূপ নিচ্ছে বার্ড ফ্লু, বিশ্বব্যাঙ্কের অনুদান অনুমোদন
বার্ডফ্লু’র সংক্রমণ ঠেকাতে তুরস্কের কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বিস্তৃতি রোধে ইতোমধ্যে আক্রান্ত এলাকাগুলোতে পাখিদের পৃথক আবাসের ব্যবস্থা করাসহ পরীক্ষানিরীক্ষার জন্য ভাইরাস পাঠানো হয়েছে বিভিন্ন গবেষণাগারে।
তবে, প্রতিবেশী দেশগুলো এখন বার্ডফ্লুতে সংক্রমিত হওয়ার আশঙ্কায় রয়েছে। যদিও ইরাক বলছে যে কোন ধরনের সংক্রমণ ঠেকাতে তারা প্রস্তুত; তবে অরক্ষিত সীমান্তের কারণে যে কোন সময় রোগটি আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ভাইরাস প্রতিরোধে বিশ্ব নের্তৃবৃন্দ সমবেত উদ্যোগের প্রতি জোর দিয়েছেন। আর এ লক্ষ্যে বিশ্বব্যাঙ্ক আক্রান্ত এবং আক্রান্ত হবার আশঙ্কা আছে এমন দেশগুলোতে ৫০ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত তুরস্কে ১৮ জন মানুষের শরীরে বার্ড ফ্লু এর ভাইরাস এইচফাইভএন১ পাওয়া গেছে । তিনজন শিশুর মৃত্যুর খবরও নিশ্চিৎ করেছে তুরস্ক সরকার।
কোন উপসর্গ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া আরো একটি শিশুর শরীরে ক্রমশ: উপসর্গগুলো পরিষ্কার হতে শুরু করেছে।
আগামী সপ্তাহে বেইজিং এ আহূত দাতা গোষ্ঠীর সম্মেলনে আরো একশ কোটি ডলার অনুদানের আহ্বান জানানো হতে পারে।
