ইয়েমেনে ভূমিধসে ৫৬ জনের প্রাণহানি
ইয়েমেনের পার্বত্য গ্রাম দাফিরে ভূমিধসে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। ইয়েমেনের কর্মকর্তারা রোববার একথা জানায়।
রাজধানী সানা থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ধাফির গ্রামে এ ভূমিধসে এখনও ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। ভূমিধসের কারণ এখনও অস্পষ্ট রয়েছে।
শুক্রবার আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাতশ’ সৈন্য এবং ত্রাণ কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার কর্মীরা জানান, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এ ভূমিধসে প্রায় ২৫টি বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডঃ হাশিম আল-জায়েন বলেছেন, ভূমিধসের পর সেখানে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করার সম্ভাবনা নেই।
ওই এলাকায় আবারও ভূমিধসের আশংকায় ১৫০টি বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
