২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি কর্মসূচির পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট বুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের টেলিফোনে আাঁড়িপাতা সংক্রান্ত অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তি কর্মসূচির পক্ষে তার সমর্থন জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

টেক্সাসের সান এন্টোনিও’তে রোববার এক সফরকালে প্রেসিডেন্ট বুশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ছিল।

দেশের ভিতরে গুপ্তচরবৃত্তি কর্মসূচির বিষয়টি ফাঁস হয়ে কিভাবে একটি সংবাদপত্রের হাতে গিয়ে পৌঁছালো তা খতিয়ে দেখতে মার্কিন বিচার বিভাগ ইতোমধ্যে একটি তদন্ত শুরু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি কোন পরোয়ানা ছাড়াই কিভাবে মার্কিন জনগণের উপর গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে দ্য নিউইয়র্ক টাইমস ডিসেম্বর মাসে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে সে সম্পর্কে তথ্য প্রকাশ করে।

পরবর্তীতে প্রেসিডেন্ট বুশ স্বীকার করেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বিমান হামলার পর তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি করার অনুমতি দিয়েছিলেন।

ব্র“ক আর্মি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন মার্কিন সেনাদের পরিদর্শন শেষে প্রেসিডেন্ট বুশ রোববার সাংবাদিকদের বলেন, আল-কায়েদা সংগঠনের সাথে জড়িত লোকদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে করা ফোনের ক্ষেত্রে নজরদারি প্রযোজ্য ছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুশ বলেন, টেলিফোনে আঁড়িপাতার মাধ্যমে জনগণের স্বাধীনতার অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুন্ন করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। কিন্তু তিনি বলেন, আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট কেউ যদি আপনাকে ফোন করতে চায়, তখন আমরা জানতে চাই, কেন আপনার কাছে ফোন করা হল।

তিনি বলেন, আমরা এখনও যুদ্ধে রয়েছি।

যে কোন সন্ত্রাসী হামলাকে গুড়িয়ে দেয়ার জন্য গুপ্তচরবৃত্তি কর্মসূচিকে বুশ বৈধ ও প্রয়োজনীয় কাজ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, গুপ্তচরবৃত্তি কর্মসূচির বিষয়টি প্রকাশ্য হয়ে যাওয়ায় জাতির জন্য তা বড় ধরনের ক্ষতি বয়ে এনেছে।

প্রেসিডেন্ট বুশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন ধরনের হামলা প্রতিহত করতে সীমিত আকারে কর্মসূচিটি পরিচালিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট গুপ্তচরবৃত্তি কর্মসূচিকে সীমিত বলে আখ্যায়িত করলেও রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট সিনেটররা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কর্মসূচিটিকে অনুপযুক্ত এবং ‘বড় ভাই সুলভ’ পর্যবেক্ষণ কর্মসূচি (বিগ ব্রাদার মনিটরিং প্রোগ্রাম) বলে আখ্যায়িত করেছেন।

তবে বুশ প্রশাসন যুক্তি দেখিয়ে বলেছে, টেলিফোনে আঁড়িপাতার বিষয়টি বৈধ এবং কংগ্রেসের নেতাদের এ কর্মসূচির বিষয়ে জানানো হয়েছিল।

কিন্তু নিউইয়র্ক টাইমস রোববার এক প্রতিবেদনে জানায়, তৎকালীন ডেপুটি এটর্নি জেনারেল জন অ্যাশক্রফ্ট ২০০৪ সালে কর্মসূচিটির গুরুত্বপূর্ণ অংশ অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

সংবাদপত্রটি আরও জানায়, জেমস কোমি এনএসএ’র কর্মসূচির বৈধতা নিয়ে সন্দিহান ছিলেন এবং কর্মসূচিটির মেয়াদ বৃদ্ধি করতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন।