ছবি ছাপার অপরাধে ইরানে সংবাদপত্রের প্রকাশনা বন্ধ
ইরানের ডানপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতায় আরোহনের পর এই প্রথমবারের মত দেশটির একটি দৈনিক সংবাদপত্র প্রকাশনা বন্ধ করে দিতে তেহরান সরকার নির্দেশ দিয়েছে।
সংবাদপত্রটির সম্পাদক ইরাজ জামশিদি বলেছেন, ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্য নয় এমন ছবি পত্রিকায় ছাপার কারণে দ্য এশিয়ার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে।
ইরানে গত পাঁচ বছরে শতাধিক প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য তাদের অনেকের প্রকাশনা সম্প্রতি শুরু হয়েছে।
একজন বিদ্রোহী নেতার ছবি ছাপার কারণে ২০০৩ সালে দ্য এশিয়ার প্রকাশনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ইরানের বিচার মন্ত্রণালয় সবসময় কোন কিছুর প্রকাশনা বন্ধের পিছনে কাজ করলেও এবার দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পত্রিকাটির প্রকাশনা বন্ধের নির্দেশ দিয়েছে।
এ সম্পর্কে ইরানের সংস্কারবাদী সাংবাদিক ইসা সাহারখিজ বলেন, গণমাধ্যমের উপর নতুন এক ধরনের যে চাপ রয়েছে, বোর্ডের এ নিষেধাজ্ঞা তা প্রকাশ করেছে।
