বার্ড ফ্লুতে তুরস্কের একই পরিবারের তৃতীয় সন্তানের মৃত্যু
তুরস্কের একই পরিবারের দুই সন্তান বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাবার পর শুক্রবার সেই পরিবারের আরো এক সন্তান হাসপাতালে মারা গেছে।
চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবার এটাই প্রথম ঘটনা। এই রোগ আরো ছড়িয়ে পড়ার আশংকায় পুরো তুরস্ক জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।
হুলিয়া কচিজিট(১১) নামের এই মেয়ে মারা যাবার আগে তার ভাই মোহামেদ আলী(১৪) বৃহস্পতিবার ও আরেক বোন ফাতেমা(১৫) মঙ্গলবার একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
বার্ড ফ্লু রোগে আক্রান্ত এই পরিবারটি আর্মেনীয়ান সীমান্তের কাছাকাছি তুরস্কের পূর্বাঞ্চলীয় এক গ্রামে বাস করে। তাদের ৬ বছর বয়সী আরো এক ভাই এখনো এই মরণঘাতি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।
স্থানীয় ভেন হাসপাতালের প্রধান ডাক্তার হোসাইন ইবনে শাহিন বলেছেন, এখনো বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জন রোগী হাসপাতালে আছে, যাদের বেশীর ভাগই শিশু। তিনি আরো জানান, পরপর তিনটি শিশু বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা যাবার পর এলাকার লোক আতংকের মধ্যে আছে।
বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২০০৩ সাল থেকে এখনো পর্যন্ত
৭৪ জনের মৃত্যু হয়েছে।
