শ্যারনকে অপারেশন থিয়েটারে ফিরিয়ে নেয়া হয়েছে
মস্তিস্কের স্ক্যানিংয়ের পর ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনকে শুক্রবার অপারেশন থিয়েটারে ফিরিয়ে নেয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে ইসরাইলি মিডিয়া জানায়, তার অস্ত্রোপচার চলছে।
জেরুজালেমের হাদাশাহ হাসপাতালের পরিচালক শ্লোমো মোর--ইয়োসেফ জানান, স্ক্যান থেকে শ্যারনের মস্তিস্কের বি¯তৃতি এবং নতুন করে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে।
তিনি বলেন, শল্যচিকিৎসকরা ইন্ট্রা--ক্র্যানিয়াল চাপ হ্রাস করার চেষ্টা করছেন।
বুধবার রাতে মস্তিস্কে রক্তক্ষরণের পর থেকে শ্যারন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অবশ্য মিডিয়ায় প্রকাশিত খবর সম্পর্কে হাসপাতালের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
এর আগে চিকিৎসকরা জানান, মস্তিস্কে বড় ধরনের রক্তক্ষরণের কারণে দ্বিতীয় রাতের মত হাসপাতালে থাকার পরও শ্যারনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
তারা বলেন, ৭৭ বছর বয়সী শ্যারনকে কমপক্ষে রোববার পর্যন্ত কোমায় থাকতে হতে পারে।
এদিকে উপ-প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট শ্যারনের স্থলাভিষিক্ত হয়েছেন এবং বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
সবকিছু পরিকল্পনা মত চললে চলতি বছরের মার্চের ২৮ তারিখে ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডানপন্থি লিকুদ পার্টি থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী শ্যারন কাদিমা (ফরোয়ার্ড) নামের নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শ্যারনের মস্তিস্কে রক্তক্ষরণের পর থেকে ইসরাইলের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে এবং উপ-প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টসহ কেউই ইসরাইলিদের কাছে শ্যারনের মত বিশ্বস্ততা বজায় রাখতে পারছেন না।
