পাকিস্তানের কাশ্মীরে ভূমিকম্প দুর্গতের তাঁবুতে আগুন, ৩ শিশু নিহত
কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশের প্রাদেশিক রাজধানী মোজাফফরাবাদে শুক্রবার ভূমিকম্প দুর্গতদের তাঁবুতে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে ৭৫ বছরের এক বৃদ্ধসহ আরও তিন জন আহত হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানায়।
শীত থেকে রক্ষা পেতে তাঁবু গরম রাখার জন্যে জ্বলানো আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
গত অক্টোবরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজার লোক প্রাণ হারায় এবং প্রায় ৩০ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। ঘরবাড়ি হারানো এসব পাকিস্তানিদের অনেকে এখনো তাঁবুর নিচে বসবাস করছে।
একদিকে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের অভাব, অপরদিকে প্রচন্ড শীতে ভূমিকম্প দূর্গত এসকল পাকিস্তানি এখন চরম দুর্দশার মধ্য দিয়ে দিনাতিপাত করছে।
গত বছর ডিসেম্বরেও এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ পাকিস্তানের মানসেহরায় চার শিশুসহ সাতজন নিহত হয়।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতিসংঘের ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। এর ফলে দুর্গত এলাকার লোকজনের দুর্দশা আরও বৃদ্ধি পাচ্ছে।
