তুরস্কের সদস্যপদ সংক্রান্ত জটিলতা কাটাতে ইইউ-এর জরুরি বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র মন্ত্রীরা সংগঠনটিতে তুরস্কের সদস্যপদ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের শেষ চেষ্টা হিসেবে রোববার লুক্সেমবার্গে জরুরি বৈঠক করবেন।
বৃহস্পতিবার একটি যৌথ সমঝোতার আলোচনা কাঠামোর ব্যাপারে ইইউ রাষ্ট্রদূতরা একমত হতে ব্যর্থ হলে যুক্তরাজ্য এ বৈঠকের আহ্বান জানায়।
ইউ’তে যোগদানের বিষয়ে তুরস্কের সাথে ইইউ পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার আলোচনা করবেন।
তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ গুল বলেছেন, আলোচনার চূড়ান্ত কাঠামোর ব্যাপারে তুরস্ক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সোমবারের আলোচনায় যোগদানের কোনই অর্থ হয় না। আলোচনা শুরু না হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে গুল বলেন, সমঝোতার আলোচনার গঠন কাঠামোর দলিল না দেখে কেউই আমাদের লুক্সেমবার্গে যোগদান আশা করতে পারে না।
তিনি বলেছেন, আলোচনা শুরু করতে বাধাগুলো অপসারণ করতে সবাই চেষ্টা করছে। এখনও অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার টেলিভিশনে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আশা করেন যে সবাই ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হবেন।
রাষ্ট্রদূতরা জানান, অস্ট্রিয়া পূর্ণ সদস্য পদের বদলে তুরস্ককে ইইউ’র সাথে স্পষ্ট অংশীদারিত্বের প্রস্তাব দেয়ার ওপর জোর দিচ্ছে। কিন্তু পূর্ণ সদস্যপদ না দেওয়া হলে তুরস্ক এই আলোচনা ত্যাগের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।
