ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৬২
ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী বালাদ শহরে তিনটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। ইরাকি পুলিশ শুক্রবার এ খবর জানিয়েছে।
এ হামলায় আহত হয়েছে কমপক্ষে ৬৮ জন।
ইরাকি পুলিশ জানায়, শিয়া অধ্যুষিত বালাদের একটি ব্যস্ততম সবজি বাজার, ব্যাংক এবং পুলিশ স্টেশনের কাছে প্রায় একই সময়ে তিনটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।
এদিকে মার্কিন বাহিনী জানায়, পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরে রাস্তায় পেঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামরিক অভিযানকালে মার্কিন সামরিক যানের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটলে এ ঘটনা ঘটে বলে মার্কিন মেরিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
আড়াই বছর আগে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ইরাক মিশন শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ২,০০০ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে।
