বুশের তহবিল সংগঠকের বিরুদ্ধে তহবিল তসরুফের অভিযোগ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা টম ডিলের বিরুদ্ধে টেক্সাস বিচারালয়ে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে নির্বাচনের জন্য অবৈধ তহবিল গঠন এবং সেই অর্থ নিজস্ব প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। টম ডিলের দু’জন সহযোগীও দোষী সাব্যস্ত হয়েছেন।
ক্যাপিটল হিলে এক সাংবাদিক সম্মেলনে ডিলে নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন, তিনি অস্থায়ীভাবে পদত্যাগ করবেন।
টম ডিলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রধান তহবিল সংগঠক। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও তার যথেষ্ট প্রভাব রয়েছে।
তিনি তার বিরুদ্ধে অভিযোগকারী ডেমোক্যাট রনি আর্লকে উগ্র বলে উল্লেখ করলে আর্ল পাল্টা জবাবে বলেন, ক্ষমতার অপব্যবহার ও তা জনগণের কাছে তুলে ধরাই তাদের কাজ।
রিপাবলিকান দলের বর্তমান হুইপ রয় ব্লান্টকে অস্থায়ীভাবে টম ডিলের স্থলাভিষিক্ত করা হবে বলে রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র স্টক ম্যাকলিলান বলেন, বুশ এখনও টম ডিলেকে তার একজন ভালো মিত্র বলে মনে করেন।
অভিযোগ প্রমাণিত হলে ডিলের দু’বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে বুশ ও রিপাবলিকান দলের ওপর কিছুটা প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছেন।
ডিলে প্রতিষ্ঠিত টেক্সাসের রাজনৈতিক অ্যাকশন কমিটির সাবেক নির্বাহী পরিচালক জন কলিয়ান্ডার এবং জাতীয় রাজনৈতিক কমিটি প্রধান জিম এলিকেও একই সঙ্গে অভিযুক্ত করা হয়েছে।
চার পৃষ্ঠার অভিযোগনামায় টেক্সাসের নির্বাচনী নীতি ভঙ্গ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
