২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৯ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সেনা প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় আট জন সেনা ও এক জন বেসামরিক ব্যাক্তি নিহতসহ আরও ২৮ জন আহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা সামরিক সূত্র বলেছে, হতাহতের সবাই আফগান এবং তারা কেউ মার্কিন বা ন্যাটো নেতৃত্বের সেনা নয়।

হামলার দায়িত্ব স্বীকার করে তালেবান নেতা আবদুল লতিফ হাকিমি বলেছেন, কর্তৃপক্ষ যা বলছে প্রকৃত হতাহতের সংখ্যা তারচে অনেক বেশি।

জানা যায়, সামরিক পোশাক পরিহিত এক ব্যক্তি কাবুল মিলিটারি ট্রেনিং সেন্টারে প্রবেশের চেষ্টা করলে পোশাক দেখে কর্তব্যরত গার্ডরা তাকে ঢুকতে দেয়। প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ঢুকেই ওই মোটর আরোহী বাড়ি ফেরা সেনাদের বাস এবং পার্কিংয়ে অপেক্ষারত লোকজনদের কাছে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়।

প্রাণে বেঁচে যাওয়া এক আফগান মেজর বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে উঠে দাড়িয়ে চারপাশে যা দেখি তা হল ছিন্নভিন্ন সব লাশ। দেখি দুটো বাসে আগুন ধরে গেছে।