২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে মহিলাদের গাড়ী চালানোতে বাধা দিচ্ছে একটি গোষ্ঠি

সৌদি আরবের ইসলামী সমাজব্যবস্থায় মহিলাদের গাড়ী চালানোর ব্যাপারটি সংখ্যাগরিষ্ঠদের অনুমোদন পেলেও একটি ছোট অংশ এর বিরোধিতা করে আসছে বলে জানালেন সৌদি কনসালটেটিভ কাউন্সিলের সামাজিক ও রাজনৈতিক সর্ম্পকিত পরামর্শদানকারী সদস্য মোহাম্মদ আল-জুলফা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তিনি আরব নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ধর্মীয় ও ঐতিহ্যগত ধ্যানধারণায় বিশ্বাসী একটি গ্রুপ সৌদি আরবের সংখ্যাগরিষ্ঠ পুরুষ এবং মহিলাদের উপর প্রভাব খাটিয়ে থাকে। তারা প্রচলিত ধারার পরিবর্তনে বিশ্বাস করে না। তবে সৌদি আরবের মহিলারা ঠিকই গাড়ী চালাবে সেজন্য প্রয়োজন সময়, দৃঢ়তা এবং শিক্ষা। পরিষদের অধিকাংশ সদস্যই মনে করে মহিলাদের গাড়ী চালানোর অনুমতি দিলে সৌদি সমাজই উপকৃত হবে।

সৌদি আরবে কঠোরভাবে ইসলামী আইন মেনে চলা হয় এবং মহিলাদের উপর অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরুষ আত্মীয়ের লিখিত অনুমতি ছাড়া তাদের কোথাও বাহির হওয়ার অনুমতি নেই। পুরুষের সান্নিধ্য পেতে পারে এমন কোন জায়গায় মহিলাদের কাজ করার সুযোগ নেই।

তবে অবস্থার কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। গত সপ্তাহে সৌদি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, সৌদি মহিলারা চাইলে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের চাকরি নিতে পারে। যা এতদিন বিদেশী পুরুষ লোকদের জন্যই বরাদ্দ ছিল।