ভারতে সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে ট্রেড ইউনিয়নের ২৪ ঘণ্টার ধর্মঘট
সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর আহ্বানে ভারতে বৃহস্পতিবার দেশব্যাপী চব্বিশ ঘন্টার ধর্মঘট পালিত হচ্ছে।
ধর্মঘটের প্রতি সমর্থন জানাতে বিমানবন্দর, রেলওয়ে ও ব্যাংকের লাখ লাখ কর্মচারী তাদের কাজ থেকে বিরত থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে বিমান পরিবহন কর্তৃপক্ষ বলেছে, ধর্মঘটের ফলে বিমান চলাচল খুব বেশি বিঘ্নিত হবে না। বিমান চলাচল স্বাভাবিক রাখার জন্য বিমান বাহিনীর তিন হাজার সদস্যকে তলব করা হয়েছে।
ভারতের কমিউনিস্ট রাজনৈতিক দলগুলো কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের শরিক হলেও সরকারের বেসরকারিকরণ পরিকল্পনাসহ অন্যান্য সংস্কারমূলক পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে।
সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন্সের সাধারণ সম্পাদক এমকে পান্ডে বলেন, এ ধর্মঘট সরকারের জন্য এক ধরনের সতর্কতা মাত্র। সরকার যদি তার নীতির কার্যকর পর্যালোচনা না করে, তাহলে বড় ধরনের প্রতিক্রিয়া জানাতে আমরা বাধ্য হব। আমরা দীর্ঘদিনের জন্য ধর্মঘট ডাকতে পারি।
২০০৪ সালে সংস্কারবাদী কংগ্রেস পার্টি ক্ষমতায় আসার পর এই প্রথম ট্রেড ইউনিয়নগুলো দেশব্যাপী ধর্মঘট আহ্বান করল।
বামপন্থীদের ঘাঁটি বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা ও পশ্চিমবঙ্গে ধর্মঘটের সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
