২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি নির্যাতনের দায়ে অভিযুক্ত মার্কিন নারী সেনা লিন্ডির ৩ বছরের কারাদণ্ড

ইরাকের কুখ্যাত আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগে এক মার্কিন নারী সেনার বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:37 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

একটি সামরিক আদালত প্রাইভেট লিন্ডি ইংল্যান্ডকে শুধু কারাদণ্ডই নয় সামরিক বাহিনী থেকে বরখাস্তও করেছে।

বন্দি নির্যাতনরত ২২ বছর বয়সী লিন্ডির ছবি ছাপা হলে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়।

ওই প্যানেলে তার বিরুদ্ধে কয়েদীদের সঙ্গে অসাদাচারণের চারটি, ষড়যন্ত্রের একটি এবং অসৌজন্যমূলক কাজের একটি অভিযোগ আনা হলেও ষড়যন্ত্রের অভিযোগ থেকে লিন্ডি খালাস পান। কিন্তু আরও সব অভিযোগই প্রমাণিত হয়।

বিচারের এক দিন পরেই সোমবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।

লিন্ডির সাবেক বয়ফ্রেন্ড গ্রানারের বিরুদ্ধেও প্যানেল বন্দি নির্যাতনের অভিযোগ আনে। ইতোমধ্যে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য অভিযুক্ত সেনাদের ছয় মাস থেকে এক বছরের জেল দেওয়া হয়েছে।

লিন্ডির সামরিক আইনজীবী অভিযোগ করে বলেন, মানসিক অসুস্থার কারণে লিন্ডি বন্দিদের সঙ্গে এ ধরণের আচরণ করেছে।

আরেক আইনজীবী চাক নেইল বলেন, লিন্ডি এ ধরণের কাজে আনন্দ পেত। শ্রেফ আনন্দ পেতেই সে ও তার অন্যান্য সহযোগীরা এ ধরণের কাজ করেছে।

২০০৪ সালের এপ্রিলে সারা বিশ্বে ইরাকের আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের ছবি প্রকাশ পায়। বিভিন্ন পত্রিকায় নগ্ন ইরাকি বন্দীর যৌনাঙ্গের প্রতি ইঙ্গিত করে লিন্ডির ছবিসহ নির্যাতনের আরও অনেক ছবি প্রকাশিত হয়।

এ বছরের প্রথম দিকে সামরিক আদালতে লিন্ডি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। অবশ্য সামরিক আদালত তার সে আবেদন আমলে নেয়নি।