২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন ডামরি

টাইফুন ঝড় ডামরির আঘাতে মঙ্গলবার ভিয়েতনামের ছয়টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সমুদ্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ একটি বাধের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। টাইফুন কবলিত এলাকা থেকে সেখানকার অন্তত ৩০ হাজার বাসিন্দাকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

উপকূলীয় ওই বাধ ভেঙে যাতে ফসল নষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রী ফন ভান কাই যুবক শ্রেণী, পুলিশ ও সেনাদের বাধটি নজরদারি করার আদেশ দিয়েছেন। ভিয়েতনাম রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ক্যাও ডাক ফট জানান, প্রচণ্ড ঢেউ বাধে আঘাত হানছে। নাম দিন প্রদেশের গিয়া পুচ এলাকার জনপ্রতিনিধি গুয়েন ভ্যান হোপ জানান, বাধের প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা বাধটি অক্ষত রাখতে পারিনি, তবে জনসাধারণের কোনও ক্ষতি হয়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে আসা ঝড়টি প্রথমে থান হোয়া প্রদেশের উপকূলে আঘাত হানে এবং সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ সময় সমুদ্রের পানি বিপদসীমার ৫ দশমিক ৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, যা সেখানকার জেলেদের দুই তলা বিল্ডিং সমান। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ও কেন্দ্রীয় ছয়টি প্রদেশে আরও ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে।