২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান উপলক্ষ্যে আবু গারিব কারাগার থেকে ১,০০০ ইরাকিকে মুক্তি দেওয়া হবে

ইরাকি কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে কুখ্যাত আবু গারিব কারাগারের বন্দিদের মধ্যে থেকে এক হাজারেরও বেশি ইরাকিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মার্কিন সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলতি সপ্তাহে কয়েকটি ধাপে বন্দিদের মুক্তি দেওয়া হবে। সোমবারই পাঁচ শতাধিক বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরাকের নেতৃত্বাধীন বিশেষ বোর্ডের সতর্ক পর্যবেক্ষণ শেষে এবং যেসব বন্দিরা মারাত্মক কোন অপরাধ করেনি এমন নিশ্চয়তা পাবার পরই বন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুসলমানদের জন্য পবিত্র মাস বলে বিবেচিত রমজান মাস ৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

মার্কিন সামরিক বাহিনী ইরাকের বিভিন্ন বন্দি শিবিরে ১১,৮০০ জনকে বন্দি হিসেবে আটক রেখেছে। দক্ষিণ ইরাকের ক্যাম্প বুক্কায় আটক রয়েছেন সবচেয়ে বেশি (৬,৩০০ জন) বন্দি।

রাজধানী বাগদাদের কাছের বন্দি নির্যাতনের জন্য কুখ্যাত আবু গারিব কারাগারে আটক রয়েছেন ৪,২০০ জন।

নির্দিষ্ট কোন অভিযোগ ও প্রক্রিয়া ছাড়াই অনেক ইরাকিকে মাসের পর মাস আটক রাখা হচ্ছে-মানবাধিকার সংগঠনগুলো ও ইরাকি সরকারের কয়েকজন মন্ত্রী এমন অভিযোগ করার পরপরই মার্কিন সামরিক বাহিনী বন্দি মুক্তি দেওয়ার এ ঘোষণা দিয়েছে।

সোমবারের বন্দি মুক্তির সময় ইরাকের উপ-প্রধানমন্ত্রী আব্দুল মোতলাক আল-জাবুুরির উপস্থিত থাকার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকি সরকার ও বহুজাতিক বাহিনী বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে তারা তাদের পরিবার-পরিজনদের সাথে পবিত্র রমজান মাস উদযাপন করতে পারে এবং একটি নতুন ইরাক গড়তে সহায়তা করতে পারে।

মার্কিন সামরিক বাহিনীর তিনজন কর্মকর্তা ও ইরাকি সরকারের ছয়জন প্রতিনিধি নিয়ে গঠিত একটি বোর্ড আবু গারিব কারাগার ও অন্যান্য বন্দি শিবিরের বন্দিদের মামলাগুলো পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করেছেন।