ইরাকে বন্দি নির্যাতনের অভিযোগে মার্কিন সেনা দোষী প্রমাণিত
মার্কিন সামরিক প্যানেল ইরাকের রাজধানী বাগদাদের কাছের কুখ্যাত আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগে এক মার্কিন নারী সেনাকে অভিযুক্ত করেছে।
বাগদাদের আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের দৃশ্য সংবলিত বেশ কিছু ছবিতে মার্কিন সেনা প্রাইভেট লিন্ডি ইংল্যান্ডকে (২২) দেখা গিয়েছে। ছবিগুলো ২০০৪ সালে ধারণ করা হয়।
সামরিক প্যানেল চারবার বন্দি নির্যাতন, একবার ষড়যন্ত্র এবং একবার অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিন্ডিকে অভিযুক্ত করেছে এবং এ অভিযোগ প্রমাণিত হয়েছে।
সামরিক আদালত লিন্ডির বিরুদ্ধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে।
সহকর্মী বিশেষ করে লিন্ডির সাবেক প্রেমিক চার্লস গ্রানারের প্ররোচনায় সে এসব কাজ করেছে বলে তার আইনজীবী যুক্তি দেখালেও সামরিক প্যানেল তা আমলে আনেনি। গ্র্যানার নিজেও বন্দি নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে আনীত বন্দি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রানারকে ইতোমধ্যে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইরাকে যে নয়জন মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বন্দি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, লিন্ডি সেই নয়জনের সর্বশেষ জন।
লিন্ডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের রায় দিতে পাঁচ সদস্য বিশিষ্ট সামরিক প্যানেলের মাত্র দুই ঘন্টা সময় লেগেছে।
টেক্সাসের ফোর্ড হুডের সামরিক আদালতে শুনানি ও রায় প্রদানের সময় লিন্ডির কোন প্রতিক্রিয়া ছিল না।
সামরিক কৌসুলি চাক নেইল যুক্তি দেখিয়েছেন, বন্দিদের নির্যাতন লিন্ডি উপভোগ করত। এর মাধ্যমে সে নিজে যেমন আনন্দ পেত, তেমনি অন্যান্য সেনাদের আনন্দ দিত।
বন্দি নির্যাতনের ছবিগুলো ২০০৪ সালের এপ্রিলে বিশ্বব্যাপী প্রকাশিত হয়। ছবিতে দেখা গেছে, লিন্ডি এক নগ্ন বন্দি ইরাকির গলা জড়িয়ে আছে। অপর একটি ছবিতে দেখা গেছে, সে বন্দির যৌনাঙ্গের দিকে নির্দেশ করছে।
