মুকুট ফিরিয়ে দিলেন মিস থাইল্যান্ড
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয়ের জন্য বাছাই পর্বে মিস থাইল্যান্ড বিজয়ী থাই-অস্ট্রেলীয় সুন্দরী অ্যাঞ্জেলা ম্যাকে আবারও সংবাদের শিরোণাম হলেন।
মিস থাইল্যান্ড খেতাব জেতার ১০ দিনের মাথায় তিনি গৌরবজনক এই মুকুট ফেরত দিলেন। তার সিদ্ধান্তে পুরো থাইবাসী মর্মাহত।
ব্যাংককে এক সাংবাদিক সম্মেলনে ম্যাকে বলেন, তিনি নিউ ইয়র্কে মডেলিং পেশা চালিয়ে যেতে চান। কিন্তু খেতাব জেতার কারণে আগামী বছর পর্যন্ত তাকে থাইল্যান্ডে থাকতে হবে। বিষয়টি প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তিনি উপলব্ধি করেন নি।
২১ বছর বয়সী পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের মেয়ে ম্যাকের বাবা অস্ট্রেলীয় হলেও মা থাই হওয়ায় তিনি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।
মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ার ম্যাগাজিন ‘গার্লফ্রেন্ড’ আয়োজিত একটি মডেলিং প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর তিনি পেশা হিসেবে মডেলিংকে বেছে নেন। এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় তিনি মডেলিংয়ের ওপর প্রচুর কাজ করেছেন।
প্রতিযোগিতায় জয়ী হলে যে তিনি আপাতত কোথাও কাজ করতে পারবেন না, সে বিষয়ে কিছু জানতেন না বলে তিনি জানান।
ম্যাকে বলেন, কেবল থাই ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্যই তিনি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিযোগিতায় জেতার আশা করেন নি।
ম্যাকে থাইল্যান্ডে বেড়াতে এলে স্থানীয় আত্মীয়দের অনুপ্রেরণায় প্রতিযোগিতায় অংশ নেন।
খেতাব ফিরিয়ে দেয়ায় তাকে পুরস্কার থেকে প্রাপ্ত ২৪,৪৭০ ডলারের প্রাইজমানি, ১৯,৫৮০ ডলার মূল্যমানের হীরকখচিত মুকুট এবং টয়োটা ক্যামরি গাড়িটি প্রতিযোগিতার আয়োজকদের ফিরিয়ে দিতে হয়। গত ২০ সেপ্টম্বর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান।
ম্যাকের পরিবর্তে ডিসেম্বরে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় থাইল্যান্ডের পক্ষ থেকে প্রথম রানার আপ, ২০ বছর বয়সী থাই-ডাচ বংশোদ্ভূত সিরিন্দা জেনসেন অংশ নিবেন।
