২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার আঘাতে লণ্ডভণ্ড মার্কিন উপকূল

সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা মার্কিন উপকূলে আঘাত হানায় ঝড়ো বাতাসে লণ্ডভন্ড হয়েছে উপসাগরীয় এলাকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:56 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সেইসঙ্গে ঘরবাড়িসহ বহু স্থাপনা রিটার আঘাতে ভেঙ্গে পড়েছে। এদিকে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফিমা) বলেছে, রিটাকে যতটা ভয়ঙ্কর বলে মনে করা হয়েছিল, আঘাত হানার পর তা ততটা ভয়ঙ্কর হয়নি।

সংস্থাটি আরও জানায়, আগে থেকেই সেখানকার লোকজনকে সরিয়ে নেওয়ায় ঝড়ের আঘাতে কোন মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি।

রিটার ক্যাটাগরি মাত্রা কমে ১-এ নেমে এলেও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় টেক্সাসের ১০ লাখ লোক অন্ধকারে বসবাস করছেন।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেক্সাসের অস্টিনে পরিদর্শণে গিয়েছেন। কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ যেন তাদের বাড়ি ঘরে ফিরে না যায় সে ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন।

ঝড়টি পূর্ব দিক থেকে ধেয়ে আসায় হিউস্টোন ও গ্যালভেস্টোন শহরের ওপর সরাসরি আঘাত হানতে পারেনি।

ফিমার পরিচালক ডেভিড পলিনসন জানান, বাতাসের গতিবেগ কমে গেলেও বৃষ্টির পরিমাণ এখনও অনেক বেশি। আরাকানসাস পর্যন্ত বন্যা দেখা দিতে পারে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় ১০টায় উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১২০ মাইল, সেখানে এখন বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ৭৫ মাইল।

টেক্সাসের সেবিন পাস এবং লুইজিয়ানার ক্যামেরন শহরে ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বোমন্ট এবং পোর্ট আর্থারের নিকটবর্তী তেল শোধনাগারের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

নিউ অরলিন্সে এখনও বন্যা অব্যাহত রয়েছে।

গত মাসে সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা পরবর্তী সময়ে সৃষ্ট বন্যার ফলে সেখানকার বাঁধ ভেঙ্গে যায়।

এদিকে টেক্সাস ও লুইজিয়ানায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির মাত্রা কমে ২৫ ইঞ্চিতে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

লুইজিয়ানার লেক চালর্সে ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টিপাতের ফলে বিপুল পরিমাণ সম্পদ বিনষ্ট হয়েছে।

লুটপাটের অভিযোগে হিউস্টোনে ১৬ জনকে গ্রেফতার করা হলেও অন্যান্য এলাকাগুলোতে আইন শৃঙ্খলার অবনতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।

হিউস্টোনের মেয়র বিল হোয়াইট বলেন, রিটা আঘাত হানার আগে লোকজন শহর ছেড়ে সরে যাওয়ার সময় হাইওয়েতে সৃষ্ট ট্রাফিক জ্যাম এবং জ্বালানি সংকটের বিষয়টি তাদের জরুরী পরিকল্পনা কর্মসূচিতে প্রাধান্য পেয়েছে। রাষ্ট্রীয় পরিকল্পনায় এ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে তিনি জানান।