মার্কিন উপকূলীয় এলাকায় হারিকেন রিটার আঘাত, ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস
সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা শনিবার সকালে (বাংলাদেশ সময় দুপুর ১২:৪৫ ) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। ঘন্টায় ১২০ মাইল বেগে ধেয়ে আসা এ ঝড়ে টেক্সাস ও লুইজিয়ানার উপকূলীয় এলাকায় প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
এছাড়া রিটার আঘাতে নিউ অরলিন্স রাজ্যে আবারও বন্যা শুরু হয়েছে। উপকূলীয় বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় আর বৃষ্টিপাত হচ্ছে। লেক সার্কাস এবং লুইজিয়ানায় ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনেক বড় বড় গাছ উপড়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
এদিকে ঝড়ের তীব্রতা পাঁচ ক্যাটাগরি থেকে কমে তিনে নেমে এসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর আগে হারিকেন রিটা শনিবার সকালে দক্ষিণপশ্চিম লুইজিয়ানা ও টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কবানী জানানো হয়েছিল।
ঘুর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের জন্য মার্কিন অঙ্গরাজ্যে টেক্সাসের প্রশাসন সেখানে ১০ হাজার সেনা পাঠাতে কেন্দ্রীয় সরকারের কাছে আহবান জানিয়েছে। রিটা মোকাবেলায় টেক্সাসে ইতোমধ্যেই পাঁচ হাজার ন্যাশনাল গার্ড সদস্য রয়েছে। হারিকেন রিটার আতঙ্কে উপকূলীয় এলাকা থেকে লোকজন ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে।
শনিবার মেক্সিকো উপসাগরে রিটা ১৬৫ মাইল বেগে আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকার বিভিন্ন শহরের ৫৭ হাজার অধিবাসীর প্রায় প্রত্যেককেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
