হারিকেন রিটার আঘাত মোকাবেলায় টেক্সাসে ১০ হাজার সেনা আহ্বান
ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটার উদ্ধার অভিযানে প্রস্তুত থাকার জন্য মার্কিন অঙ্গরাজ্যে টেক্সাসের প্রশাসন সেখানে ১০ হাজার সেনা পাঠাতে কেন্দ্রীয় সরকারের কাছে আহবান জানিয়েছে।
হারিকেন রিটার আতঙ্কে উপকূলীয় এলাকা থেকে লোকজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে।
বৃহস্পতিবার সকালে টেক্সাসের গভর্নর রিক পেরি টেলিফোনে ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযান শুরু করতে অতিরিক্ত সেনা পাঠাতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে এ অনুরোধ করেন।
রিটা মোকাবেলায় টেক্সাসে ইতোমধ্যেই পাঁচ হাজার ন্যাশনাল গার্ড সদস্য রয়েছে।
দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিকাজ পর্যবেক্ষণ করতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেক্সাস সফর করবেন বলে জানা গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র স্কট ম্যাককিলান এ ব্যাপারে বলেন, শুক্রবার তার টেক্সাসে যাওয়ার এবং সেখানকার প্রাথমিক প্রস্তুতি দেখার কথা।
এদিকে মার্কিন হারিকেন সেন্টার জানায়, বৃহস্পতিবার বিকেল নাগাদ বাতাসের গতিবেগ কমে ঘন্টায় একশ’ ৪৫ মাইল হলেও এটা গত মাসের নিউ অরলিন্সে আঘাত হানা সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার তুলনায় ভয়ংকর। হারিকেন রিটা উপকূলের ছ’শ কিলোমিটার এলাকা জুড়ে অঘাত হানবে বলে আশংকা করা হচ্ছে।
এজন্য উপকূলে দূর পশ্চিমের মেক্সিকো পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে এবং দশ লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
অন্যদিকে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটার থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকা মানুষের কারণে বিশাল এলাকা জুড়ে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে।
কোনও কোনও রাস্তায় দেড়শ কিলোমিটারেরও বেশি গাড়ির লাইন পড়েছে। নর্থ হস্টনে দেশ কিলোমিটার গাড়ির লম্বা লাইন দেখা গেছে। যে স্থানগুলো সাধারণ সময়ে এক ঘন্টায় যাওয়া যেত সে দুরত্ব অতিক্রম করতে এখন সময় লাগছে প্রায় আট ঘন্টা।
এদিকে টেক্সাসের প্রতিবেশী রাজ্য লুইজিয়ানার গভর্ণর জনগণকে দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে সরে যাওয়ার জন্য বলেছেন। লুইজিয়ানা থেকে তিন থেকে পাঁচ লাখ লোক অন্যত্র সরে যাবে বলে তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বুশ ওয়াশিংটনে নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠক করেন এবং প্রতিটি স্তরের কর্মকর্তারা যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
