২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আল-কায়েদা

আল-কায়দা সন্ত্রাসী নেটওয়ার্কের ডেপুটি আইমান আল-জাওয়াহিরি এই প্রথম ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 09:03 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আরব ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় প্রচারিত একটি ভিডিও টেপে জাওয়াহিরি বলেন, হামলা চালাতে পেরে আল-কায়দা গর্বিত। ৭ জুলাইয়ের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়।

এর আগে ওসামা বিন লাদেনের ডেপুটি লন্ডন বোমা হামলার প্রশংসা করে বলেছিলেন, এ হামলার পিছনে ব্রিটেনের পররাষ্ট্র নীতিই দায়ী।

নতুন প্রচারিত ভিডিও টেপটিতে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনের সমালোচনা করা হয়েছে।

জাওয়াহিরি বলেন, আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন কারচুপিমুক্ত নয়। আর নির্বাচন হচ্ছে মার্কিন দখলদার বাহিনীর উপস্থিতিতে।

জাওয়াহিরি বলেন, মুসলমানদের ওপর ১০০ বছরে আগ্রাসন পরিচালনার কারণে ব্রিটিশ ও আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে ঐতিহাসিক অপরাধ এবং ইরাক ও আফগানিস্তানে অপরাধমূলক তৎপরতা অব্যাহত রাখার কারণে তিনি ব্রিটেনকে দায়ী করেন।

জর্ডানের ডানপন্থি ইসলামী নেতা আবু কাতাদা ও অন্যান্য নয় বিদেশী নাগরিককে ব্রিটেন থেকে বহিষ্কারে ব্রিটিশ সরকারের পরিকল্পনার সমালোচনা করেন। ব্রিটেনের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেয়ায় ব্লেয়ার প্রশাসন তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

তিনি বলেন, বোমা হামলার পরপরই ব্রিটেনে সন্ত্রাস-বিরোধী আইন কড়াকড়ি করার পরিকল্পনা করতে গিয়ে ব্রিটিশ সরকার তার উপনিবেশিক মানসিকতার পরিচয় দিয়েছে।

২ সেপ্টেম্বর প্রচারিত অপর এক টেপে জাওয়াহিরি স্বীকার করেছিলেন যে, বোমা হামলা এটাই প্রমাণ করেছে যে, শত্রু মোকাবেলার জন্য আল-কায়েদা শত্রুর ভূমিতে অবতরণ করেছে।

এর আগে অবশ্য অপর দুটি জঙ্গি গোষ্ঠি লন্ডন হামলার দায়িত্ব স্বীকার করে।