পারমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া
দুই বছর ধরে দফায় দফায় আলোচনার পর অবশেষে পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সেই সাথে সাথে দেশটি পারমাণবিক অস্ত্র পরিত্যাগ কর্মসূচি সংক্রান্ত এনপিটিতে যোগ দেবে বলে জানিয়েছে।
সোমবার চীন এবং কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানায়।
ছয়জাতি আলোচনার চতুর্থ রাউন্ড বৈঠকে উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি পরিত্যাগের এ ঘোষণা দিল। মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, উত্তর কোরিয়ায় হামলা চালানোর কোন পরিকল্পনা এখন আর তাদের নেই। দেশ দু’টি পরষ্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং শান্তিপূর্ন সহ অবস্থানেরও ঘোষণা দিয়েছে।
উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের ঘোষণা দিলেও লাইট ওয়াটার রিঅ্যাক্টরের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এদিকে চীন জানিয়েছে, তারা উত্তর কোরিয়াকে পারমাণবিক জ্বালানির মাধ্যমে উৎপাদিত শক্তি ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব করেছে। ছয় জাতির প্রতিনিধিরা এখন এ প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। এছাড়াও পারমাণবিক কর্মসূচি বন্ধের বিনিময়ে ওয়াশিংটন বিনামূল্যে শক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা পিয়ংইয়ংকে দেবে বলে জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী উও দায়েই বলেছেন, ছয়জাতি আলোচনার সবচেয়ে বড় সাফল্য উত্তর কোরিয়ার এ ঘোষণা।
মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বলেছেন, উত্তর কোরিয়ার এ ঘোষণা দীর্ঘ একটা সমঝোতার ফলাফল। এ অবস্থায় কোন জটিলতা সৃষ্টি করা ঠিক হবে না।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছিল, বেইজিং আলোচনায় যদি কোন সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তবে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হস্তান্তর করা হবে।
উত্তর ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া ২০০৩ সালের আগস্ট থেকে নিয়মিত ছয়জাতি আলোচনায় মিলিত হয়েছে।
