১৮ দিন অভুক্ত থেকে বেঁচে গেলেন ক্যাটরিনায় আটকে পড়া ৭৬ বছর বয়সী বৃদ্ধ
দু’ সপ্তাহেরও বেশি দিন না খেয়ে বেঁচে ছিলেন ক্যাটরিনায় আটকে পড়া ৭৬ বছর বয়স্ক এক বৃদ্ধ।
সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা পরবর্তী বন্যায় আটকে পড়া জেরাল্ড মার্টিন কোন কিছু না খেয়েই ১৮ দিন বেঁচে থেকে বিস্ময় সৃষ্টি করেছেন। এ সময় কোন মানুষের সঙ্গেও তার যোগাযোগ হয়নি।
শুক্রবার উদ্ধারকর্মীরা পার্শ্ববর্তী বাড়িতে উদ্ধার কার্যক্রম চালানোর সময় মার্টিনের ডাক শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন।
ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)-এর মুখপাত্র লুয়ি ফারনান্দেজ এ ঘটনাকে বিস্ময়কর বলে উল্লেখ করেন।
উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার কার্যক্রম চালালেও বন্যার পানিতে আটকে পড়া কাউকে উদ্ধার করার কাজ এতদিন শুরু করেননি।
কিন্তু এই ঘটনার পর তারা আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
ঝড়ের আগে তার পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে গেলেও গীর্জায় যাওয়ার জন্য তিনি তাদের সঙ্গে যাননি। পরে ঘুম থেকে উঠে নিজেকে বন্যার পানিতে আটক অবস্থায় খুঁজে পান নিজেকে। পরে চিলেকোঠায় আশ্রয় নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিনি।
তৃষ্ণার্ত মার্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
