ইরানের পারমাণবিক অধিকার রয়েছে: আহমেদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, পারমানবিক জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে তাদের ‘অধিকার’ রয়েছে। জাতিসংঘ অধিবেশনে তিনি এ কথা বলেছেন।
সাধারণ পরিষদে বক্তৃতার আগে তিনি অন্যান্য রাষ্ট্র ও ব্যক্তিমালাকানাধীন প্রতিষ্ঠানগুলোকে ইরানের এ কর্মসূচিতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের কারণ ইসলাম।
এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ইরানকে পরমাণবিক অস্ত্র বিস্তারের ব্যাপারে অভিযুক্ত করেন।
কন্ডোলিজা রাইস শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের শুরুতে বলেন, ইরানের ব্যাপারে নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, ইরানের ইউ ৩ (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) এর সঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় ফিরে যাওয়া এবং পারমাণবিক শক্তি অর্জনের পরিকল্পনা থেকে চিরতরে নিবৃত হওয়া উচিত। এছাড়াও তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় কাজ না হলে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ প্রয়োজন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র আহমোদিনেজাদের বক্তব্যকে হতাশাব্যঞ্জক ও অসহযোগিতামূলক বলে মন্তব্য করেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দঁস্ত ব্লেজি বলেন, তাদের এজেন্ডাতে নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞার আরোপের বিষয়টি উত্থাপন করার সম্ভাবনা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আহমেদিনেজাদের বক্তব্যকে প্রতিহিংসাপরায়ণ বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়ন, ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা বাতিলের পক্ষপাতি।
এদিকে ইরানের নেতা বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য ইরানকে প্রযুক্তি সরবরাহ করা হয়নি।
তিনি আরও বলেন, আত্মবিশ্বাস প্রতিষ্ঠার জন্যই অন্যান্য দেশ এবং বেসরকারি প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে চায় ইরান।
তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখা করায় তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।
আহমেদিনেজাদ পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যকে পারমাণুমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠার জন্য সাধারণ পরিষদকে আহ্বান জানান।
জাতিসংঘের মহাসচিব কফি আনান পারমাণবিক অস্ত্র বিস্তার এবং কোন রাষ্ট্রের নাম উল্লেখ না করে সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কতা উল্লেখ করে শনিবারের অধিবেশন শুরু করেন।
