ইহুদি সম্প্রদায়ের সাথে বৈঠক করে মোশাররফের নতুন নজির
পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আমেরিকান জিউস কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করে নজির সৃষ্টি করেছেন।
মোশারফ মুসলিম বিশ্বে পরিমিতভাব বজায় রাখার প্রচারণার অংশ হিসেবে তাদের সঙ্গে এ বৈঠক করেন। এই প্রথম মুসলিম বিশ্বের কোন নেতা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইহুদি নেতাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন।কাউন্সিল ফর ওয়ার্ল্ড জুরি শনিবার এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সামরিক জেনারেল নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় একটি হোটেলের সভাকক্ষে নৈশভোজের সঙ্গে এ বৈঠকটি করেন। তিনি সভাকক্ষে প্রবেশ করলে উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
মোশাররফ তাদেরকে সামরিক স্যালুট দিয়ে বলেন, মুসলিম এমনকি পাকিস্তানি কোন ব্যক্তিকে ইহুদি সম্প্রদায় এভাবে অভিবাদন জানাতে পারে তিনি বিশ্বাসই করতে পারেন না।
আমেরিকান জিউস কংগ্রেসের চেয়ারম্যান জ্যাক রোজেন এই আলোচনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। ইসলামাবাদে মোশাররফের সঙ্গে মে মাসে বৈঠকের পর দু’ বছরের গোপন আলোচনার ভিত্তিতে এ বৈঠক সম্ভব হয়েছে বলে তিনি জানান।
তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরডোগান গত বছরের জানুয়ারিতে আমেরিকান জিউস কংগ্রেসের সঙ্গে কথা বললেও ইতোমধ্যে তার দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বলে কংগ্রেসের কর্মকর্তা জানিয়েছেন।
কাউন্সিল ফর ওয়ার্ল্ড জুরির আরেক চেয়ারম্যান রোহেন বলেন, আজ রাতে আমাদের সঙ্গে প্রেসিডেন্ট মোশাররফের থাকার সিদ্ধান্ত তার একক প্রচষ্টা, নেতৃত্ব ও দূরদৃষ্টিতার পরিচায়ক।
