লেবাননে বড় ধরনের বিস্ফোরণ
লেবাননের রাজধানী বৈরুতের পূর্বাঞ্চলের একটি খ্রীষ্টান অধ্যুষিত এলাকায় বড় ধরনের বিস্ফোরণে একজন নিহত ও কমপক্ষে ২২ জন আহত হয়েছে।
খ্রীষ্টান অধুষ্যিত আশরাফিয়া এলাকায় শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণটি ঘটেছে।
টেলিভিশনে প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে বিস্ফোরণটি ছিল গাড়ি বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে একটি ভবনের বেশ কয়েকটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগেও বৈরুতে বেশ কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। কয়েক মাস আগেই বিস্ফোরণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হয়।
তবে এ বিস্ফোরণটি ঘটে বাইব্লস ব্যাংকের একটি শাখার কাছে। কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে অনেকেই জানিয়েছেন।
লেবাননের সেনা সদস্যরা ওই এলাকাটি সিল করে দিয়েছে। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে লেবানিজ ব্রডকাস্টিং করপোরেশনের একজন প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণের ফলে একটি কফিশপের মালিক নিহত হয় এবং বেশ কয়েকজন ক্রেতা আহত হয়। কিন্তু এ রিপোর্টের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সিরিয়া বিরোধী কর্মীরা এ বিস্ফোরণের জন্য দামেস্ককে দায়ী করেছে। হারিরি হত্যাকাণ্ডে তারা সিরিয়াকে দায়ী করেছিল। কিন্তু সিরিয়া এ অভিযোগ অস্বীকার করে।
